জনসংহতির চার নেতা হত্যার ঘটনায় মামলা
সন্ত্রাসীদের গুলিতে জনসংহতি সমিতির (এমএন লারমা) চার নেতা হত্যাকাণ্ডের ঘটনায় গতকাল বুধবার মামলা হয়েছে। তবে এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। তাঁদের সঙ্গে থাকা অপর তিনজনের ভাগ্যে কী ঘটেছে, তা-ও জানা যায়নি। লংগদু থানার দ্বিতীয় কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মো. আলী গতকাল বুধবার প্রথম আলোকে জানান, গত মঙ্গলবার ঘটনার পরপরই গহিন ওই এলাকায় সেনাবাহিনী ও পুলিশ প্রায় পাঁচ ঘণ্টা তল্লাশি চালিয়ে কিছুই পায়নি। কোনো সন্ত্রাসীকে আটক কিংবা নিখোঁজ ব্যক্তিদেরও সন্ধান পাওয়া যায়নি। মো. আলী বলেন, হত্যাকাণ্ডের ঘটনায় লংগদু থানায় একটি মামলা হয়েছে। মামলাটি করেছেন মঙ্গলবারের ঘটনায় নিহত পাহাড়ি ছাত্র পরিষদের তথ্য ও প্রচার সম্পাদক গুণেন্দু চাকমার ভাই সেন্টু চাকমা। তবে মামলায় কারও নাম উল্লেখ করা হয়নি। শুধু অজ্ঞাতনামা ১০-১২ জন অস্ত্রধারী ব্যক্তি বলা হয়েছে। গত মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে লংগদু সদর ইউনিয়নের দোজর এলাকার মধ্যছড়া পাড়া থেকে জনসংহতি সমিতির (এমএন লারমা) সাত নেতা নানিয়ারচর-লংগদু সড়কে আসার পর সশস্ত্র হামলার শিকার হন। এতে চারজন ঘটনাস্থলেই মারা যান। বাকি তিনজনকে অস্ত্রধারীরা গুলি ছুড়ে ধাওয়া করেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। ঘটনাস্থল থেকে লাশ উদ্ধারকারী এসআই মো. আলী বলেন, ‘আলো চাকমা নামের আরও এক ব্যক্তির আহত হওয়ার খবর পেয়েছি। কিন্তু ওই এলাকায় পুলিশ ও সেনাবাহিনী প্রায় পাঁচ ঘণ্টা তল্লাশি চালানোর পরও কিছু পায়নি।’ গতকাল বুধবার রাঙামাটি জেনারেল হাসপাতালে নিহত ব্যক্তিদের লাশের ময়নাতদন্ত হয়েছে। ময়নাতদন্তের পর সুদীর্ঘ চাকমার লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। অপর তিনজনের আত্মীয়স্বজন না আসায় লাশ লংগদু নিয়ে যাওয়া হয়েছে।