জনসংহতির সদস্যসহ পাহাড়ে তিন খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটি ও খাগড়াছড়ি জেলায় পৃথক ঘটনায় সন্ত্রাসীদের গুলিতে জনসংহতি সমিতির এক সদস্যসহ তিনজন খুন হয়েছেন। তাঁরা হলেন রাঙামাটির লংগদু উপজেলার আটরকছড়া ইউনিয়নের কালাধন চাকমা ওরফে এনজেল, খাগড়াছড়ির পানছড়ি উপজেলার পানছড়ি ইউনিয়নের তাপিতা পাড়া এলাকার অরুণ কান্তি চাকমা এবং রাঙামাটির কাপ্তাই উপজেলার থয়চাচিং মারমা। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:রাঙামাটি: জেলার লংগদু উপজেলার আটরকছড়া ইউনিয়নে গত রোববার ভোরে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (এমএন লারমা) সদস্য কালাধন চাকমা ওরফে এনজেলকে গুলি করে হত্যা করা হয়েছে। এ সময় তাঁর দেড় বছর বয়সী শিশুপুত্র আদর্শ চাকমা আহত হয়।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কালাধন চাকমাকে কয়েক দিন ধরে নানাভাবে হুমকি দেওয়া হচ্ছিল। সে কারণে তিনি শনিবার আটরকছড়া ইউনিয়নের পাতাছড়ি গ্রামের নিজ বাড়ি ছেড়ে স্ত্রী-পুত্র নিয়ে একই ইউনিয়নের উত্তর উল্টাছড়ি গ্রামের শ্বশুরবাড়িতে চলে আসেন। রোববার ভোর ছয়টার দিকে একদল সশস্ত্র দুর্বৃত্ত তাঁর শ্বশুরবাড়ি ঘিরে ফেলে তাঁকে লক্ষ্য করে পরপর কয়েকটি গুলি করে চলে যায়। এতে ঘটনাস্থলেই কালাধন চাকমা মারা যান। এ সময় কোলে থাকা তাঁর শিশুপুত্র আদর্শের বাম পায়ে গুলি লাগে। আহত শিশুকে পরে খাগড়াছড়ি সদর হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা সঞ্জীব ত্রিপুরা জানান শিশুটি আশঙ্কামুক্ত। জনসংহতি সমিতির (এমএন লারমা) সহতথ্য ও প্রচার সম্পাদক প্রশান্ত চাকমা এ ঘটনার জন্য সন্তু লারমার নেতৃত্বাধীন জনসংহতি সমিতির সদস্যদের দায়ী করেছেন। তবে জনসংহতি সমিতির (সন্তু) সহতথ্য ও প্রচার সম্পাদক সজীব চাকমা এ অভিযোগ অস্বীকার করেছেন।লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল হক বলেন, নিহত ব্যক্তির নাম-পরিচয় পাওয়া গেছে। তিনি জনসংহতি সমিতির সদস্য বলে জানা গেছে।এদিকে রাঙামাটির কাপ্তাইয়ের চিৎমরম ইউনিয়নের দুর্গম আগারপাড়া গ্রামে রোববার বেলা ১১টার দিকে সন্ত্রাসীদের গুলিতে থয়চাচিং মারমা (৩৯) নামের এক আদিবাসী খুন হয়েছেন। চিৎমরম ইউনিয়নের চেয়ারম্যান থোয়াইচিং মারমা প্রথম আলোকে বলেন, থয়চাচিং মারমা আগার পাড়া গ্রামে নিজ বাড়ি থেকে তিন কিলোমিটার দূরে স্ত্রী মইচাচিং মারমাকে (২৭) নিয়ে সকাল থেকে নিজের কচুক্ষেত পরিচর্যার কাজ করেন। কাজ শেষে বাড়ি ফেরার পথে জঙ্গল থেকে কে বা কারা পরপর কয়েকটি গুলি করে দ্রুত পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই থয়চাচিং মারা যান। ওই ঘটনার পর সেনাবাহিনী ও ১৯ বিজিবির একটি টহল দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রদীপ কুমার রায় বলেন, থয়চাচিংয়ের বুকে দুটি এবং পেছনে দুটি গুলির চিহ্ন দেখা গেছে। এদিকে গতকাল সোমবার পার্বত্য চট্টগ্রাম নাগরিক কমিটির সভাপতি গৌতম দেওয়ান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে বিবদমান পক্ষগুলোকে আলোচনার টেবিলে বসে মতভেদ দূর করে সমস্যা সমাধানের আহ্বান জানানো হয়। পাশাপাশি এ ধরনের হত্যাকাণ্ডকে ঘৃণা জানানোর এবং ‘না’ বলার জন্য সাধারণ জনগণের প্রতি আহ্বান জানানো হয়েছে। খাগড়াছড়ি: জেলার পানছড়ি উপজেলার পানছড়ি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের তাপিতা পাড়া এলাকায় শনিবার দিবাগত রাত আটটায় অজ্ঞাতনামা সন্ত্রাসীদের গুলিতে অরুণ কান্তি চাকমা (৪০) নামের এক আদিবাসী খুন হয়েছেন। এ নিয়ে গত ১৬ দিনে পানছড়ি উপজেলায় চারজন খুন হলেন।নিহত ব্যক্তির আত্মীয় চিরজ্যোতি কার্বারি ও তীর্থ কুমার চাকমা খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে প্রথম আলোকে জানান, অরুণ কান্তি চাকমা শনিবার রাত আটার দিকে খাবার শেষে বাড়িতে অবস্থান করছিলেন। এ সময় দুই ব্যক্তি তাঁকে ডেকে পাশ দিয়ে যাওয়া গ্রাম্য রাস্তাটি দেখিয়ে দেওয়ার অনুরোধ করে। তিনি (অরুণ কান্তি চাকমা) রাস্তা দেখিয়ে দিতে বাড়ি থেকে বেরিয়ে ২৫-৩০ গজ দূরে যাওয়ামাত্র সন্ত্রাসীরা তাঁকে গুলি করে হত্যা করে। চিরজ্যোতি কার্বারি বলেন, অরুণ কান্তি চাকমা কোনো আঞ্চলিক দলের সঙ্গে যুক্ত ছিলেন না। তিনি গ্রামের খ্রিষ্টধর্মের তাপিতাপাড়া গির্জার (ব্যাপ্টিস্ট চার্চ) পরিচালক ছিলেন।পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।