
রাজধানী ঢাকার সমস্যাগুলোর মধ্যে অন্যতম হলো বর্ষায় জলাবদ্ধতা। এটা অনেক দিন থেকেই হচ্ছে, তবে ইদানীংকালে প্রকট আকার ধারণ করেছে। এর অনেকগুলো কারণ রয়েছে।
প্রথমেই বলতে হয় ঢাকার ভৌগোলিক অবস্থান ও পরিবেশ। ঢাকা বুড়িগঙ্গা, তুরাগ, বালু ও শীতলক্ষ্যা নদ-নদী পরিবেষ্টিত। এ নদ-নদী বলয়ের কারণে ঢাকার পানি দ্রুত সরে যেত। এ ছাড়া ঢাকার ভেতরে ৫০টির বেশি প্রাকৃতিক খাল ছিল, সেগুলো দিয়ে রাজধানীর ভেতরের পানি নদীতে গিয়ে পৌঁছাত। কিন্তু গত ৫০ থেকে ১০০ বছরের মধ্যে আমরা এসব খাল বন্ধ করে দিয়েছি বা বন্ধ হয়ে গেছে।
একসময় ঢাকায় নদীর পাশাপাশি প্রচুর পুকুর ও জলাশয় ছিল। এসব পুকুর ও জলাশয় ভরাট করে বাড়ি বানানো হয়েছে। দিঘি-পুকুর যথেচ্ছ ভরাট করা যাবে না বলে আইন থাকলেও ভরাট করা হয়েছে। তবে সৌভাগ্য যে এখনো ঢাকার কিছু এলাকায় লেক বা জলাশয় রয়েছে। যেমন-ধানমন্ডি লেক, রমনা লেক, মহাখালী, বারিধারা, গুলশান এলাকায় লেক। এসব লেকের কোনো কোনোটা সংস্কার করা হয়েছে। লেক সংস্কারের ফলে ধানমন্ডিতে এখন জলাবদ্ধতা হয় না বললেই চলে, যদিও মঙ্গলবারের বৃষ্টিতে হয়েছে। এসব লেক সংস্কার হওয়ার কারণে বৃষ্টির পানি লেকের মাধ্যমে নিষ্কাশন হয়ে যায়।
যেহেতু আমাদের শহরটি সমতল ও বৃষ্টিবহুল এলাকায়, তাই এখানে নগরায়ণের ক্ষেত্রে পর্যাপ্ত জলাশয় ও সবুজ রাখতে হবে। ১৯৯৭ সালে ঢাকার জন্য যে নগর-পরিকল্পনা অনুমোদিত হয়, সেটিতে জলাশয় সংরক্ষণে সুনির্দিষ্ট পরিকল্পনা ছিল। ১০টির মতো পানি সংরক্ষণের জলাধার (ওয়াটার ব্রিটেনশন পন্ড) রাখার কথা ছিল। কিন্তু নতুন যেসব আবাসিক প্রকল্প হয়েছে, সেগুলোতে এ ধরনের পানি নিষ্কাশনের ব্যবস্থা নেই।
শহরকে বাসযোগ্য রাখতে গেলে পর্যাপ্ত জলাশয় রাখতে হবে। পুরোনো খাল সংস্কার করতে হবে, দখল হওয়া খাল পুনরুদ্ধার করতে হবে। খেয়াল রাখতে হবে, খাল ও নদীতে বর্জ্য ফেলার কারণে এগুলো যেন বন্ধ হয়ে না যায়।
আগে বৃষ্টি হলে শহরে বন্যা হতো নদীর পানি উপচে শহরে ঢোকার কারণে। কিন্তু শহররক্ষা বাঁধ হওয়ায় সেই সমস্যাটি আর হচ্ছে না। এখন হচ্ছে পানি নিষ্কাশনের সমস্যার কারণে।
আমরা প্রায়ই বলি, আমাদের শহর বসবাসের অযোগ্য হয়ে যাচ্ছে, পরিকল্পিত নগর উন্নয়ন হচ্ছে না। এটা শতভাগ সত্য। গত কয়েক দশকে জনসংখ্যা বেড়েছে অতি দ্রুত। নতুন বাস্তু উন্নয়ন যথেষ্ট পরিকল্পিতভাবে হয়নি। অনেক আগে তৈরি হওয়া নিষ্কাশন প্রণালি ক্ষতিগ্রস্ত হয়েছে সময়ের পরিক্রমায়। অনেক জলাশয় বন্ধ। নতুন যেগুলো হয়েছে, সেগুলো সংস্কার ও সংরক্ষণের অভাবে প্রবাহক্ষমতা কমে গেছে। সার্বিকভাবে বলতে গেলে শহরে সুশাসনের অভাবে এসব সমস্যা তৈরি হয়েছে। পরিকল্পনা তৈরিতে সংকট, বাস্তবায়নে দক্ষতার অভাব, দুর্নীতির কারণে উন্নয়ন বাস্তবায়ন সঠিকভাবে না হওয়ায় আজকের ভোগান্তি।
এ থেকে উত্তরণের জন্য নগর সুশাসন, জনসচেতনতা ও নগর নেতৃত্ব জরুরি। জনগণকে নগর উন্নয়নে সম্পৃক্ত ও উদ্বুদ্ধ করা জরুরি। তাদের মধ্যে এই ভাবনা দিতে হবে যে ‘শহরটা আমার’। তবে নেতৃত্বের ভূমিকাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এখন নতুন দুই মেয়র এসেছেন। আশা করি তাঁরা সমন্বয়কের ভূমিকায় অবতীর্ণ হয়ে সরকার, সংশ্লিষ্ট সংস্থা এবং জনগণ ও নাগরিক সমাজকে সম্পৃক্ত করে সমস্যার সমাধান করতে সক্ষম হবেন। সর্বোপরি নেতৃত্বই সবচেয়ে গুরুত্বপূর্ণ। নেতৃত্ব বলতে আমি বোঝাতে চাইছি, মেয়র, ওয়াসা, রাজউক, মন্ত্রী এমনকি সরকারপ্রধান সবার। সবাইকে যাঁর যাঁর ভূমিকায় সক্রিয় হতে হবে।
পাশাপাশি জলবায়ু পরিবর্তনের অভিঘাতের কথাও মাথায় রেখে আমাদের তৈরি থাকতে হবে। এখন বৃষ্টি বেশি হচ্ছে, অসময়ে বৃষ্টি হচ্ছে, অল্প সময়ে বেশি বৃষ্টি হচ্ছে। এসব কথা মাথায় রেখে পরিকল্পনা নিতে হবে। সাম্প্রতিক সময়ে বিশেষজ্ঞরা ড্রেনেজ মাস্টারপ্ল্যানের কথা বারবারই বলছেন। মোট কথা, নগর বন্যা মোকাবিলায় সমন্বিতভাবে দীর্ঘমেয়াদি পানি নিষ্কাশনের পরিকল্পনা প্রয়োজন।
লেখক: অধ্যাপক নজরুল ইসলাম, নগর পরিকল্পনাবিদ ও সাবেক চেয়ারম্যান, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন