জনসচেতনতা সৃষ্টি করতে সাংসদদের চিঠি দেওয়া হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জঙ্গি ও সন্ত্রাসবাদ প্রতিরোধে জনসচেতনতামূলক কার্যক্রম চালানোর অনুরোধ জানিয়ে সব সাংসদের কাছে চিঠি পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে জঙ্গিবাদ প্রতিরোধ ও প্রতিকারসংক্রান্ত জাতীয় কমিটি।গতকাল বুধবার তথ্য মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই কমিটির এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্বরাষ্ট্রসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।সভা শেষে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক সাংবাদিকদের বলেন, জনসচেতনতামূলক কার্যক্রম চালানোর নতুন কর্মসূচির পাশাপাশি জঙ্গি ও সন্ত্রাসবাদ প্রতিরোধে চলমান কর্মসূচিগুলো আরও জোরদার করার জন্য তথ্য মন্ত্রণালয়ের অধীনে একটি কমিটি গঠন করা হবে।জঙ্গি ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে বাংলাদেশ টেলিভিশনে কিছু নাটক ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শনেরও পদক্ষেপ নেওয়া হবে।দেশের বেসরকারি ইলেকট্রনিক গণমাধ্যমগুলোও যেন একই ধরনের প্রচার চালায়, সে জন্য উদ্যোগ নেওয়া হচ্ছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, এ ব্যাপারে সব গণমাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে শিগগির একটি মতবিনিময় সভার আয়োজন করা হবে।দেশের স্বনামধন্য লেখক-নাট্যকারদের সম্পৃক্ত করে জঙ্গি-সন্ত্রাসবাদ প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টিমূলক প্রচার চালানোর জন্যও গতকালের সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জানান।জঙ্গিবাদ প্রতিরোধ ও প্রতিকারসংক্রান্ত জাতীয় কমিটির একেকটি সভা একেক মন্ত্রণালয়ে অনুষ্ঠিত হয়। গত সভাটি অনুষ্ঠিত হয়েছিল শিক্ষা মন্ত্রণালয়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সভাপতিত্বে। আগামী সভা স্থানীয় সরকার মন্ত্রণালয়ে অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে।