জনসভা, মুক্তিযোদ্ধা সমাবেশসহ এক মাসের কর্মসূচি বিএনপির
ঢাকায় মুক্তিযোদ্ধা সমাবেশ ও জনসভাসহ এক মাসের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। গতকাল বৃহস্পতিবার সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের সহযোগী সংগঠনের সঙ্গে অনুষ্ঠিত যৌথসভায় এ কর্মসূচি চূড়ান্ত করা হয়। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যৌথ সভার পর সংবাদ ব্রিফিংয়ে কর্মসূচি ঘোষণা করেন। এর মধ্যে আছে বুদ্ধিজীবী ও বিজয় দিবস উপলক্ষে ১৩, ১৪ ও ১৫ ডিসেম্বর রাজধানীতে আলোচনা সভা, ১৬ ডিসেম্বর সাভার জাতীয় স্মৃতিসৌধে ও জিয়াউর রহমানের কবরে পুষ্পমাল্য অর্পণ, ১৭ ডিসেম্বর বিজয় শোভাযাত্রা ও ১৯ ডিসেম্বর ঢাকায় মুক্তিযোদ্ধা সমাবেশ।২০ নভেম্বর তারেক রহমানের ৪৮তম জন্মদিন উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনগুলো নানা কর্মসূচি নিয়েছে। এর মধ্যে রয়েছে ১৮ নভেম্বর ছাত্রদলের উদ্যোগে নয়াপল্টন থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা, ১৯ নভেম্বর রাত ১২টা এক মিনিটে কেক কাটা, বিএনপির উদ্যোগে বগুড়ায় আলোচনা সভা ও ঢাকায় শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং ২০ নভেম্বর ঢাকায় আলোচনা সভা ও শীতবস্ত্র বিতরণ কর্মসূচি। অন্য কর্মসূচির মধ্যে আছে ১৬ নভেম্বর মওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে সকাল ১০টায় আলোচনা, ১৭ নভেম্বর টাঙ্গাইলের সন্তোষে ভাসানীর কবর জিয়ারত, ১৯ নভেম্বর বরিশালে ১৮ দলের জনসভা, ২৮ নভেম্বর রাজধানীর নয়াপল্টনে জোটের জনসভা ও ৬ ডিসেম্বর স্বৈরাচার এরশাদের পতনের দিনে ‘গণতন্ত্র মুক্তি’ দিবস পালন।