জনসভা উপলক্ষে শহরজুড়ে দুর্ভোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সোহরাওয়ার্দী উদ্যান অভিমুখী মিছিল। পাশে থেমে আছে বাসসহ বিভিন্ন যানবাহন। গতকাল রাজধানীর তোপখানা রোড থেকে তোলা ছবি l প্রথম আলো
সোহরাওয়ার্দী উদ্যান অভিমুখী মিছিল। পাশে থেমে আছে বাসসহ বিভিন্ন যানবাহন। গতকাল রাজধানীর তোপখানা রোড থেকে তোলা ছবি l প্রথম আলো

গুলিস্তান থেকে হেঁটে ধানমন্ডিতে নিজের বাসায় ফিরছেন মধ্যবয়সী এক নারী। পা টেনে টেনে হাঁটছেন। বললেন, তাঁর খুব কষ্ট হচ্ছে। কিন্তু তিনি সরকারি চাকুরে, তাই বক্তব্য দিতে পারছেন না। গতকাল মঙ্গলবার একই রকম কষ্ট পেয়েছে রাজধানীর বহু মানুষ।
বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের জনসভা উপলক্ষে ঢাকা মহানগর পুলিশের পূর্ব ঘোষণা অনুযায়ী বেলা ১টা থেকে ৩টা পর্যন্ত রাজধানীর বেশ কটি সড়কে যান চলাচল বন্ধ ছিল। তবে এর প্রভাব পড়তে শুরু করে বেলা ১১টার পর থেকেই। বেলা ২টার দিকে প্রেসক্লাবের সামনে বাসের কাউন্টারগুলো বন্ধ ছিল। অটোরিকশা-রিকশাও ছিল হাতে গোনা। সকালে ঘর থেকে বেরিয়ে ঠিকঠাক গন্তব্যে পৌঁছাতে পারলেও ফেরার পথে কষ্ট পেতে হয়েছে মানুষকে।
অন্যদিকে যান চলাচল বন্ধ এমন সড়কগুলোয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা দুপুর ১২টা থেকেই ছোট ছোট মিছিল বের করেন, মোটরসাইকেল শোভাযাত্রা করেছেন। জায়গায় জায়গায় ছিল আড্ডা, গানবাজনা ও খাওয়া-দাওয়ার ব্যবস্থা।

গণপরিবহনের জন্য অপেক্ষার প্রহর যেন কাটছে না। দুর্ভোগের এই চিত্র গতকাল রাজধানীর কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ থেকে তোলা l প্রথম আলো
গণপরিবহনের জন্য অপেক্ষার প্রহর যেন কাটছে না। দুর্ভোগের এই চিত্র গতকাল রাজধানীর কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ থেকে তোলা l প্রথম আলো

ছাত্রলীগের জন্মদিন, গণতন্ত্রের বিজয় দিবস ও বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে রাজধানীতে গত সাত দিনে তিন দফায় নানান আয়োজনে সাধারণ মানুষকে ভুগতে হয়।

রাজধানীর কিছু সড়কে গতকাল কয়েক ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। যেসব সড়কে যান চলেছে সেগুলোতেও ছিল তীব্র জট। ফলে গণপরিবহনের সংকটে গন্তব্যে পৌঁছাতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষায় থাকতে হয় মানুষকে l প্রথম আলো
রাজধানীর কিছু সড়কে গতকাল কয়েক ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। যেসব সড়কে যান চলেছে সেগুলোতেও ছিল তীব্র জট। ফলে গণপরিবহনের সংকটে গন্তব্যে পৌঁছাতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষায় থাকতে হয় মানুষকে l প্রথম আলো

টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান প্রথম আলোকে বলেন, ‘রাজনৈতিক দলের জনসভা করার অধিকার আছে। কিন্তু যাঁরা রাজনীতির সঙ্গে যুক্ত নন, তাঁদের অধিকার খর্ব করার অধিকার নেই।’ তিনি আরও বলেন, জনদুর্ভোগের কারণে তরুণদের অনেকে রাজনীতিবিমুখ হবেন। তাঁরা মনে করবেন, রাজনীতি মানেই মানুষকে কষ্ট দেওয়া।

রিকশা ভ্যানে প্রতীকী  ট্যাংক নিয়ে আওয়ামী লীগের জনসভায় যাচ্ছেন  দুই কর্মী l প্রথম আলো
রিকশা ভ্যানে প্রতীকী ট্যাংক নিয়ে আওয়ামী লীগের জনসভায় যাচ্ছেন দুই কর্মী l প্রথম আলো

তোপখানা রোডের এক মাথায় হাইকোর্টের উল্টো দিকে শিক্ষা ভবন থেকে বের হয়ে অনেকক্ষণ ধরে গাড়ি খুঁজছিলেন রাজবাড়ীর একটি কলেজের শিক্ষক। তিনি প্রথম আলোকে বলেন, ‘আজই ফিরে যেতে চেয়েছিলাম। কিন্তু যাব কীভাবে? না আছে বাস, না সিএনজি।’ কিছু দূর এগোতেই হাইকোর্টের সামনে কথা হয় আইরিন খান নামে এক নারীর সঙ্গে। বেইলি রোডে অসুস্থ ভাইকে দেখে হাইকোর্ট পর্যন্ত হেঁটে এসে রিকশা খুঁজছিলেন তিনি। সবচেয়ে বেশি কষ্টে পড়েন হাসপাতালে ভর্তি হতে আসা ও ছুটি নিয়ে বাড়ির দিকে রওনা হওয়া রোগীরা। বেলা ৩টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগের সামনে প্রায় অর্ধশত লোককে অটোরিকশার জন্য দাঁড়িয়ে থাকতে দেখা যায়।
বাস চলাচল একরকম বন্ধ থাকায় মানুষকে অটোরিকশা ও রিকশার বাড়তি ভাড়া গুনতে হয়েছে। চালকদের দাবি, রাস্তা বন্ধ তাই অনেকটা ঘুরে যেতে হচ্ছে।
জনসভা হলেই জনদুর্ভোগ, এটা কতটা কাঙ্ক্ষিত এমন প্রশ্নের জবাবে শহীদ মিনার-সংলগ্ন এলাকার এক ডাব বিক্রেতা বলেন, সংবাদপত্রে আগেই ঘোষণা দেওয়া হয়েছিল, সে অনুযায়ী মানুষ না বেরোলেই পারত। তবে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় গাড়ি চালান এমন এক ব্যক্তি বলেছেন, মানুষ যেন ঝামেলা ছাড়া গন্তব্যে পৌঁছাতে পারে এই দায়িত্ব সরকারের। প্রশাসন সেই দায়িত্ব পালন করেনি।
এ বিষয়ে জানতে চাইলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের প্রথম আলোকে বলেন, ‘এবার তুলনামূলক কম দুর্ভোগ হয়েছে। নেতা-কর্মীরা সুশৃঙ্খলভাবে এসেছে। তবে দুর্ভোগ কমাতে ছুটির দিনগুলোয় জনসভা করা যায় কি না, সে নিয়ে আলোচনা চলছে।’