জনসভা স্থগিত, তবে পরীক্ষা হয়েছে পরিবর্তিত কেন্দ্রে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ মাঠে আওয়ামী লীগের জনসভা হওয়ার কথা ছিল গতকাল শনিবার বিকেলে। সে জন্য ওই কলেজ থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর পরীক্ষার কেন্দ্রও পরিবর্তন করা হয়েছে। কিন্তু গতকাল জনসভাটি স্থগিত করে আওয়ামী লীগ। এদিকে জনসভা স্থগিত করা হলেও পরীক্ষা হয়েছে পরিবর্তিত কেন্দ্রে।

গতকাল আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আওয়ামী লীগের গাজীপুর জেলা শাখা আয়োজিত আজকের (শনিবার) জনসভা অনিবার্য কারণবশত স্থগিত করা হলো।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার রুটিন অনুযায়ী, গতকাল বেলা দেড়টা থেকে ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ কেন্দ্রে স্নাতকোত্তর প্রথম পর্বের কয়েকটি বিষয়ের পরীক্ষা ছিল। জনসভার কারণে পরীক্ষার কেন্দ্র পরিবর্তন করা হয়। এ নিয়ে গতকাল প্রথম আলোয় ‘আ.লীগের জনসভা, তাই পরীক্ষার কেন্দ্র পরিবর্তন’ শিরোনামে খবর প্রকাশিত হয়। গাজীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন প্রথম আলোকে বলেন, পরীক্ষার জন্য কেন্দ্রীয় সিদ্ধান্তে জনসভা স্থগিত করা হয়েছে। স্থগিত এই জনসভার তারিখ পরে জানানো হবে। তিনি জানান, জনসভায় সভাপতিত্ব করার কথা ছিল জেলা আওয়ামী লীগের সভাপতি ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের। প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আওয়ামী লীগের কয়েকজন নেতা-কর্মী প্রথম আলোকে বলেন, কলেজ কর্তৃপক্ষের অনুমতি নিয়ে জনসভার আয়োজন করা হয়েছিল। গতকাল অনেকে জনসভায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। বিভিন্ন বাসস্ট্যান্ডে কর্মীদের জন্য বাস ঠিক করা ছিল। সকাল ১০টার দিকে তাঁদের জানানো হয় জনসভা স্থগিত করা হয়েছে।