জনসভার অনুমতি না দেওয়ার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ
রাজধানীর ডেমরা এলাকায় জনসভা করার অনুমতি না দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন ঢাকা মহানগর বিএনপির নেতা–কর্মীরা। ঢাকার ৪৯টি থানার মধ্যে ১৮টি থানায় এই কর্মসূচি পালিত হয়েছে।
ঢাকা মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আলী আজগর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে ১৮টি থানায় বিক্ষোভ সমাবেশ করার কথা জানানো হয়।
গুম-খুনের প্রতিবাদে গতকাল শনিবার ডেমরায় জনসভা করার অনুমতি চেয়েছিল বিএনপি। কিন্তু ঢাকা মহানগর পুলিশ অনুমতি দেয়নি।
সমাবেশে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বক্তব্য দেওয়ার কথা ছিল। অনুমতি না দেওয়ায় এর প্রতিবাদে গতকাল ঢাকার থানায় থানায় বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করে কেন্দ্রীয় বিএনপি।
বিএনপি অভিযোগ করেছে, কোথাও কোথাও বিক্ষোভ কর্মসূচি চলাকালে পুলিশের হামলায় বিএনপির কয়েকজন নেতা-কর্মী আহত হয়েছে। তা ছাড়া গেন্ডারিয়া থানার মিছিল থেকে পুলিশ বিএনপির দুজন নেতাকে গ্রেপ্তার করেছে।
রাজধানীর ডেমরা, যাত্রাবাড়ী, শ্যামপুর ও কদমতলী থানা বিএনপির যৌথ উদ্যোগে নারায়ণগঞ্জ সড়কের খন্দকার রোড থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। দোলাইরপাড় আসামাত্র পুলিিশ ধাওয়ায় মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়। পুলিশ মিছিলকারীদের ওপর লাঠিপেটা করলে কয়েকজন আহত হন।
এ ছাড়া মোহাম্মদপুর, শেরেবাংলা নগর, আদাবর, তেজগাঁও, বাড্ডা, দারুস সালাম, মিরপুর, পল্লবী, সূত্রাপুর, শাহবাগ, কোতোয়ালি, পল্টন, রমনা, ধানমন্ডি, খিলগাঁও থানা বিএনপি বিক্ষোভ মিছিল করেছে।