জনসভায় জামায়াত-শিবিরের উপস্থিতি ছিল লক্ষণীয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির নেতৃত্বাধীন চারদলীয় ঐক্যজোটের নয়াপল্টনের সমাবেশে জামায়াত-শিবিরের উপস্থিতি ছিল লক্ষণীয়।গতকাল মঙ্গলবার বিকেল পৌনে পাঁচটার দিকে সমাবেশে জামায়াতের ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদ যখন বক্তব্য দিতে দাঁড়ান, তখনই দলটির কর্মী-সমর্থকেরা একযোগে স্লোগান দিয়ে তাঁদের বিপুল উপস্থিতির জানান দেন।প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, জামায়াত-শিবিরের কর্মীরা বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ও রাস্তার উল্টো পাশে স্থাপিত মঞ্চের আশপাশের বড় অংশজুড়ে অবস্থান নেন। জামায়াতের একজন থানা পর্যায়ের নেতা বলেন, সমাবেশে দলের কর্মীরা সংঘবদ্ধ ও সতর্ক অবস্থায় ছিলেন। তবে বিজয়নগর, শান্তিনগর ও ফকিরেরপুল এলাকায় যেসব কর্মী ছড়িয়ে-ছিটিয়ে অবস্থান নেন, তাঁরা ছিলেন নীরব।১৯ সেপ্টেম্বর কাকরাইলে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় ধরপাকড়ের মুখে জামায়াতের নেতা-কর্মীদের জনসভায় অংশগ্রহণ নিয়ে শংকা ছিল। চার দলের সূত্রগুলো জানিয়েছে, জামায়াত-শিবিরের কর্মীরা বিএনপি ও সহযোগী বিভিন্ন সংগঠনের মিছিলে ঢুকে জনসভা স্থলে প্রবেশ করেন। তবে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের আশপাশে, নয়াপল্টন, পুরানা পল্টন ও কাকরাইল রোডে জামায়াতের ওয়ার্ড ও থানা কমিটির ব্যানার দেখা যায়।জামায়াতের একটি সূত্র জানায়, দুটি কারণে জামায়াত-শিবিরের কর্মীরা জনসভার মাঝখানে অবস্থান নেন। প্রথমত, গ্রেপ্তার এড়ানো; দ্বিতীয়ত, মঞ্চের দৃষ্টি আকর্ষণ। এ কারণে জামায়াতের তিন নেতা মকবুল আহমাদ, মুজিবুর রহমান ও হামিদুর রহমান আযাদ বক্তৃতা করার সময় মঞ্চের আশপাশের অবস্থান থেকে জোর স্লোগান দেওয়া হয়।বেলা দুইটার কিছু পর শিবিরের কেন্দ্রীয় সভাপতি মো. ফখরুদ্দীন জনসভার সূচনা বক্তব্য দেন। জনসভায় জামায়াতের নতুন ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল শফিকুর রহমান ও ঢাকা মহানগর শাখার আমির রফিকুল ইসলাম খান যাননি।চার দলের অন্যতম শরিক ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মুফতি ফজলুল হক আমিনী জনসভায় অংশ নিতে পারেননি। বেলা তিনটায় তিনি লালবাগের কার্যালয় থেকে জনসভার উদ্দেশে রওনা দেওয়ার ঘোষণা দিয়েছিলেন। কিন্তু পুলিশের বাধার মুখে তিনি বের হতে পারেননি বলে জানান মুফতি আমিনীর প্রেস সেক্রেটারি আহলুল্লাহ ওয়াছেল।চার দলের নেতাদের বক্তব্য: জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদ বলেন, গণতন্ত্র এখন বুটের নিচে পিষ্ট। চার দল মিলে বিরাট গণ-আন্দোলন ছাড়া এ সরকারের পতন হবে না। মকবুল আহমাদ জামায়াতকে একটি গণতান্ত্রিক দল দাবি করে বলেন, ‘অতীতে সব গণতান্ত্রিক আন্দোলনে জামায়াতের অংশগ্রহণ ছিল। কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একটি ছেলের দুঃখজনক হত্যাকাণ্ডের পর সারা দেশে জামায়াতের বিরুদ্ধে চিরুনি অভিযান চালানো হয়। অথচ, সরকারের নিজের লোকেরা এ পর্যন্ত ২০০ মানুষ হত্যা করেছে। এর বিরুদ্ধে তারা কয়টা চিরুনি অভিযান চালিয়েছে?’বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান নির্বাচনের আগে ১০ টাকায় চাল, বিনা মূল্যে সার ও ঘরে ঘরে চাকরি দেওয়ার মহাজোটের নির্বাচনী অঙ্গীকারের কথা উল্লেখ করে বলেন, এই সরকার একটি প্রতারক সরকার। এ সরকার মিডিয়ার ওপরও হাত দেওয়ার চেষ্টা করছে। এই হাত জ্বলে যাবে।খেলাফত মজলিসের আমির মাওলানা মুহাম্মদ ইসহাক জাতিসংঘে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশ্বশান্তির মডেল উপস্থাপনের কথা উল্লেখ করে বলেন, হাজার হাজার ইঁদুর মেরে বিড়ালের হজে যাওয়ার মতো, দেশে অশান্তি সৃষ্টি করে প্রধানমন্ত্রী নিউইয়র্কে বিশ্বশান্তির মডেল পেশ করেছেন।বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশের মানুষ এখন গুনগুন করে একটি গান গাইছে, তা হচ্ছে ‘আগে জানলে তোর ভাঙা নায়ে চড়তাম না’। এ ছাড়া বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, তরিকুল ইসলাম, মির্জা আব্বাস, আ স ম হান্নান শাহ, রফিকুল ইসলাম মিয়া, গয়েশ্বর চন্দ্র রায়, কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, এলডিপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান রেদোয়ান আহমেদ, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সভাপতি শফিউল আলম প্রধান, ন্যাশনাল পিপলস পার্টির চেয়ারম্যান শওকত হোসেন নিলু, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির (এনডিপি) চেয়ারম্যান খন্দকার গোলাম মোর্তুজা প্রমুখ বক্তব্য দেন।