জয়পুরহাটের কালাই উপজেলায় আওয়ামী লীগের জনসভায় যোগ দিতে যাওয়ার সময় সড়ক দুর্ঘটনায় দলটির দুজন কর্মী নিহত এবং আরও ১০ জন আহত হয়েছেন। গত শনিবার উপজেলার নওটিকা মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।শনিবার বিকেলে কালাই উপজেলার মাত্রাই উচ্চমাধ্যমিক বিদ্যালয়ে আওয়ামী লীগের উদ্যোগে জনসভার আয়োজন করা হয়। ওই সভায় প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। দুপুরের দিকে আওয়ামী লীগের ১২-১৪ জন নেতা-কর্মী উপজেলার তালোড়া বাইগুনিবাজার থেকে ভটভটিতে করে ওই জনসভায় যোগ দিতে যাচ্ছিলেন। নিশ্চিন্তা-হিলি সড়কের নওটিকা মোড় এলাকায় পৌঁছালে ভটভটিটি উল্টে যায়। এতে ১২ জন যাত্রী আহত হন। তাৎক্ষণিকভাবে তাঁদের কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাঁদের ভর্তি করে। পরে কয়েকজনকে আশঙ্কাজনক অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এখানে চিকিৎসাধীন অবস্থায় রাত দুইটার দিকে কালাই উপজেলার তালোড়া বাইগুনী গ্রামের সজল চন্দ্র মালি (১৫) মারা যায়। ঢাকায় নেওয়ার পথে মারা যান আবু বক্কর। তাঁর বাড়ি উপজেলার বাগইল গ্রামে।