জনসমক্ষে এলে অবশ্যই তাঁর পরামর্শ নেব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন বলেছেন, ‘নির্বাচনে আমার মূল প্রতিদ্বন্দ্বী ছিলেন মির্জা আব্বাস। আমি তাঁকে চাচা বলি। প্রচারণায় ছিলেন চাচি (মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস)। চাচা তো জনসমক্ষে আসেন না। উনি জনসম্মুখে এলে অবশ্যই তাঁকে নিয়ে বসব। তিনি অভিজ্ঞ লোক, তিনি অনেক কিছুতে আমাদের সাহায্য করতে পারবেন।’
ডিএসসিসির চলতি অর্থবছরের বাজেট ঘোষণার আগে নির্বাচনে তাঁর প্রতিদ্বন্দ্বীদের সহযোগিতা চাওয়া হয়েছিল কি না, জানতে চাইলে তিনি এসব কথা বলেন। গত ২৮ এপ্রিল ডিএসসিসি নির্বাচনের আগে সাঈদ খোকন বলেছিলেন, নির্বাচিত হলে সিটি করপোরেশনের সব কাজে প্রতিদ্বন্দ্বীদের সহযোগিতা নেবেন। গতকাল বৃহস্পতিবার মেয়র ডিএসসিসির বাজেট ঘোষণার পর গণমাধ্যম প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়ে বিভিন্ন প্রশ্নের জবাব দেন।
সুশীল সমাজ, গণমাধ্যমকর্মী, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে ‘ঢাকা ডায়ালগ’ করার মাধ্যমে নগর উন্নয়নের কাজ শুরু করবেন এমন প্রতিশ্রুতি দিয়েছিলেন সাঈদ খোকন। এ বিষয়ে মেয়র বলেন, ‘বৃষ্টির মৌসুম চলছে। এখন ডায়ালগ করা হলে উপস্থিতি কম হতো। আগামী শীতে সবার অংশগ্রহণে ঢাকা ডায়ালগের আয়োজন করা হবে।’
এই বাজেট কতটা বাস্তবায়নযোগ্য—এ প্রশ্নের জবাবে মেয়র বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বলেছি। তিনি বলেছেন, তোমার প্রয়োজনগুলো প্রকল্প আকারে পাঠাও। বিবেচনা করা হবে। তাই এবারের বাজেট প্রকল্পকেন্দ্রিক। প্রধানমন্ত্রী সহযোগিতা করার মাধ্যমে বাজেট বাস্তবায়নে ভূমিকা রাখবেন।’
ডিএসসিসির কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আছে—এমন প্রশ্নের জবাবে মেয়র বলেন, ‘ডিএসসিসির প্রায় ৩৫০ কোটি টাকা দেনা। বেশ কিছু ব্যয়ে অসচ্ছলতা ছিল। স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে তথ্য চাওয়া হয়েছে, আমরা দিব। মন্ত্রণালয় ব্যবস্থা নিবে।’
ডিএসসিসির নারী-পুরুষ কাউন্সিলরদের মধ্যে কোনো বিভেদ নেই বলে মেয়র মন্তব্য করেন। সংরক্ষিত নারী কাউন্সিলরদের কী কী কাজ দেওয়া হচ্ছে, নাগরিক উন্নয়নে তাঁরা কী ভূমিকা রাখবেন—এসব বিষয়ে মেয়র বলেন, ‘নারী-পুরুষ কাউন্সিলররা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছেন। পাঁচ সদস্যের বাজেট কমিটিতে দুজন ছিলেন নারী কাউন্সিলর। বর্জ্য ব্যবস্থাপনা কমিটিতে পাঁচজন নারী। নারী কাউন্সিলররা পুরুষদের মতোই কাজ করছেন।’