জনসমাগমস্থলে যৌন নিপীড়ন বাড়ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জনসমাগমস্থলে (পাবলিক প্লেস) নারীদের ওপর যৌন নিপীড়নের ঘটনা ও ভয়াবহতা বাড়ছে। নারীরা রাস্তায়, বাসে, কর্মক্ষেত্রেও এ ধরনের ঘটনার শিকার হন।
রাস্তায় যৌন নিপীড়ন প্রতিরোধে করণীয় বিষয়ে এক সিম্পোজিয়ামে বক্তারা এসব কথা বলেন। তাঁরা বলেন, নারী নির্যাতন প্রতিরোধে দরকার দীর্ঘমেয়াদি পরিকল্পনা ও সুনির্দিষ্ট আইন।
রাজধানীর ধানমন্ডির বিলিয়া মিলনায়তনে গতকাল শনিবার এই অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ ইনস্টিটিউট অব ল অ্যান্ড ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স (বিলিয়া)।
অনুষ্ঠানে বলা হয়, একটা মেয়ে রাস্তায় যৌন হয়রানির শিকার হলে কী করতে হবে, বুঝতে পারে না। এ জন্য সচেতনতা বাড়াতে হবে। আবার অনেক সময় আইনের আশ্রয় নিতে গিয়ে উল্টো হয়রানির শিকার হতে হয়। অনেক সময় পুলিশও নারীদের যৌন হয়রানি করে। নারী পুলিশও অনেক ক্ষেত্রেই তেমন সহায়ক হন না।
অনুষ্ঠানে সামাজিক ও আইনিভাবে যৌন নিপীড়ন প্রতিরোধের বিষয়ে দুটি পৃথক প্রবন্ধ উপস্থাপন করা হয়। সামাজিকভাবে রাস্তায় যৌন নিপীড়ন প্রতিরোধের বিষয়টি উপস্থাপনা করেন একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক খন্দকার কোহিনূর আক্তার। এতে বলা হয়, প্রথমত দীর্ঘ মেয়াদে উন্নয়নমূলক প্রতিরোধের জন্য দরকার পাঠ্যপুস্তকে জেন্ডার বিষয়কে সম্পৃক্ত করা। দ্বিতীয়ত, শহরে বৈদ্যুতিক বাতি ও সিসিটিভির সংখ্যা বাড়ানো। তৃতীয়ত, নারীদের নিরাপত্তায় কমিউনিটি মানুষের নজরদারি বাড়ানো।
আইনজীবী মুনতাসীর মাহমুদ রহমান যৌন নিপীড়ন প্রতিরোধে নির্দিষ্ট আইন থাকার ওপর জোর দেন। আইন থাকলে অপরাধীদের শাস্তি নিশ্চিত করা সহজ হয়। পাশাপাশি অপরাধপ্রবণতাও কমে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও যৌন নিপীড়ন প্রতিরোধ কমিটির সদস্য নীলিমা আক্তার বলেন, শুধু রাস্তায় নয়, ঘরেও মেয়েরা এ ধরনের নির্যাতনের শিকার হয়। কমিটির সদস্য হিসেবে তাঁর অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে তিনি বলেন, নানা অপরাধে এ আড়াই বছরে বিশ্ববিদ্যালয়ের চারজন শিক্ষক, একজন কর্মকর্তা ও কর্মচারীর চাকরি গেছে। তাঁরা শুধু ছাত্রী নয়, নারী শিক্ষকদেরও বিভিন্ন সময় হয়রানি করেছেন।
সভাপতির বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. শাহনাজ হুদা বলেন, নানা কাজে মেয়েদের বাইরে আসতে হয়। কিন্তু প্রতিনিয়ত তারা হয়রানির শিকার হচ্ছে। এ ধরনের ঘটনা প্রতিরোধে আইনের পাশাপাশি সামাজিক সচেতনতা জরুরি।