জনসম্পৃক্ততা না থাকলে সন্ত্রাস দমন টেকসই হয় না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিরোধীদলীয় নেতা ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, সব সময় অস্ত্র দিয়ে সন্ত্রাসবাদ দমন করা যায় না। জনগণের সম্পৃক্ততা না থাকলে সন্ত্রাস দমন টেকসই হয় না।বাংলাদেশে সফররত যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক প্রিন্সিপাল ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জিওফ্রে পায়াটের সঙ্গে বৈঠকে খালেদা জিয়া এ কথা বলেন। গতকাল শনিবার রাতে বিএনপির চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে বৈঠক শেষে এ কথা জানিয়েছেন বিএনপির সহসভাপতি শমসের মবিন চৌধুরী। জিওফ্রে পায়াট বিরোধীদলীয় নেতার সঙ্গে প্রায় এক ঘণ্টা বৈঠক করেন। এ সময় বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা রিয়াজ রহমান, সাবিহউদ্দিন আহমেদ ও ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত জেমস এফ মরিয়ার্টিও উপস্থিত ছিলেন।বৈঠক শেষে সংক্ষিপ্ত সংবাদ ব্রিফিংয়ে শমসের মবিন চৌধুরী বলেন, বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়েছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সন্ত্রাস দমনের বিষয়টি গুরুত্ব পেয়েছে। বৈঠকে খালেদা জিয়া বলেছেন, সন্ত্রাসবাদ দমনে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ভবিষ্যতেও অব্যাহত থাকবে।