জনস্বার্থ মামলাতেও রাগীব আলীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাগীব আলী
রাগীব আলী

পালিয়ে ভারত চলে যাওয়া সিলেটের শিল্পপতি রাগীব আলী ও তাঁর ছেলে আবদুল হাইয়ের বিরুদ্ধে জনস্বার্থ মামলায়ও গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে।
সিলেট মহানগর মুখ্য বিচারিক হাকিম আদালতে গত ৮ সেপ্টেম্বর মামলা করার পর আদালত দুজনের বিরুদ্ধে সমন জারি করেন। গতকাল রোববার আদালতে সেই সমন ফেরত আসে। সমন ফেরত আসায় আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন বলে প্রথম আলোকে নিশ্চিত করেছেন আদালতের অতিরিক্ত সরকারি কৌঁসুলি মাহফুজুর রহমান।
আদালত-সংশ্লিষ্ট সূত্র জানায়, সিলেটের দেবোত্তর সম্পত্তির চা-বাগান জালিয়াতির মাধ্যমে দখল ও আত্মসাতের অভিযোগে দুটি মামলায় আদালত থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারির পর পালিয়ে ভারত চলে যান রাগীব আলী ও তাঁর ছেলে আবদুল হাই। এ-সংক্রান্ত খবর রাগীব আলীর মালিকানাধীন পত্রিকা সিলেটের ডাক-এ প্রকাশিত না হওয়ায় একজন পাঠক হিসেবে নগরের শাহজালাল উপশহরের বাসিন্দা গিয়াসউদ্দিন তালুকদার ৮ সেপ্টেম্বর জনস্বার্থমূলক মামলা করেছিলেন।
মামলার এজাহারে বাদী অভিযোগ করেন, সিলেট থেকে প্রকাশিত দৈনিক সিলেটের ডাক-এর সম্পাদকমণ্ডলীর সভাপতি হচ্ছেন রাগীব আলী। ছেলে আবদুল হাই ওই পত্রিকার সম্পাদক। পত্রিকাটি সিলেট বিভাগের সর্বাধিক প্রচারিত আঞ্চলিক দৈনিক। তারাপুর চা-বাগান দখল ও আত্মসাৎ মামলায় গত ১০ আগস্ট রাগীব আলী ও তাঁর ছেলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। এ সংবাদ জাতীয় দৈনিক থেকে শুরু করে আঞ্চলিক দৈনিকগুলোতে প্রকাশিত হয়। কিন্তু সিলেটের ডাক সংবাদ প্রকাশ থেকে বিরত থাকে। বাদী নিজেকে ওই পত্রিকার একজন নিয়মিত পাঠক উল্লেখ করে বলেন, এতে একটি খবর প্রাপ্তি থেকে সাধারণ পাঠককে বঞ্চিত করা হয়েছে। রাগীব আলী ও আবদুল হাই পত্রিকার মালিক ও সম্পাদক থাকায় নিজেদের অপরাধ ঢাকতে পত্রিকাকে ব্যবহার করেছেন। পাঠককে ঠকানোর এ বিষয়টি প্রতারণার শামিল।
জনস্বার্থ মামলার বাদীপক্ষের আইনজীবী শহীদুজ্জামান চৌধুরী বলেন, আদালত দণ্ডবিধির ৪১৭ ধারায় অপরাধ আমলে নিয়ে রাগীব আলী ও আবদুল হাইয়ের বিরুদ্ধে সমন জারির আদেশ দিয়েছিলেন। দুই আসামি অন্য মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারির পরই দেশ ছেড়ে ভারতে পালানোয় সমন ফেরত এসেছে। এ বিষয়টি আদালতকে অবহিত করার পর গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। মামলার পরবর্তী তারিখ আদালত পরে ধার্য করবেন বলে আইনজীবী জানান।