অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সিলেট সিটি করপোরেশনের নতুন মেয়র ও কাউন্সিলরদের
দলমতের ঊর্ধ্বে উঠে জনসেবা করার আহ্বান জানিয়েছেন। গতকাল বৃহস্পতিবার দুপুরে নগরভবন প্রাঙ্গণে মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় অর্থমন্ত্রী এ আহ্বান জানান।
অর্থমন্ত্রী বলেন, ‘রাজনীতির মূল লক্ষ্য হচ্ছে জনসেবা। তাই জনস্বার্থ যেখানে জড়িত, সেখানে আমাদের দলমতের ঊর্ধ্বে উঠতে হবে। আমাদের চলমান রাজনৈতিক সংস্কৃতিতে পরিবর্তন আনতে হবে।’
সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর সভাপতিত্বে মতবিনিময় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন, সংরক্ষিত নারী আসনের সাংসদ সৈয়দা জেবুন্নেছা হক, সিলেট জেলা পরিষদের প্রশাসক আবদুজ জহির চৌধুরী প্রমুখ।
এরশাদের সঙ্গে অর্থমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ: সিলেটের সার্কিট হাউসে অবস্থানরত জাপা চেয়ারম্যান এরশাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। বৃহস্পতিবার বেলা ১১টায় সিলেট সার্কিট হাউসে এ সাক্ষাৎ হয়। প্রায় সাত মিনিটের সাক্ষাতে দুজন জাতীয় নির্বাচন ও সিলেটে সরকারের উন্নয়ন নিয়ে কথা বলেন।
এরশাদের সঙ্গে সাক্ষাতে কী কথা হয়েছে—সার্কিট হাউসে উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের পরিপ্রেক্ষিতে অর্থমন্ত্রী বলেন, ‘মহাজোটে এরশাদ আছেন কি না, এটা তাঁর ব্যক্তিগত মন্তব্য। এরশাদ বলেছেন, বিএনপি নির্বাচনে না গেলে জাতীয় পার্টিও যাবে না। আমরাও চাই সব দলের অংশগ্রহণে নির্বাচন হোক।’ শেষ পর্যন্ত বিএনপি নির্বাচনে যাবে বলে আশা প্রকাশ করেন অর্থমন্ত্রী।