জনস্বার্থে যেকোনো ত্যাগ স্বীকার করতে প্রস্তুত: প্রধানমন্ত্রী

প্রধান বিরোধী দল বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে জাতীয় সংসদে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।একই সঙ্গে বিরোধীদলীয় নেতাকে উদ্দেশ করে প্রধানমন্ত্রী বলেছেন, তিনি জাতির স্বার্থে, দেশ ও জনগণের স্বার্থে যেকোনো ত্যাগ স্বীকার করতে প্রস্তুত।
গতকাল শনিবার স্থানীয় সময় বিকেল পাঁচটায় জাতিসংঘ বাংলাদেশ মিশনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নিউইয়র্ক সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন।
বিরোধীদলীয় নেত্রীর উদ্দেশে তিনি বলেন, ‘যুদ্ধাপরাধীদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করুন।সংসদে আসুন, পরিষ্কার করে বলুন কী চান।জাতির স্বার্থে, দেশ ও জনগণের স্বার্থে আমি যেকোনো ত্যাগ স্বীকার করতে প্রস্তুত।’
প্রধানমন্ত্রী বলেন, ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সঙ্গে দ্বিপক্ষীয় বিষয় নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে।এ ছাড়া জাতিসংঘের মহাসচিব বান কি মুনের সঙ্গে একান্ত সাক্ষাত্কারেও ফলপ্রসূ আলোচনা হয়েছে।
সংবাদ সম্মেলনে শেখ হাসিনা আরও জানান, জাতিসংঘ শান্তি মিশনে বাংলাদেশ থেকে আরও নতুন সদস্য যোগ দেওয়ার প্রস্তাব পাওয়া গেছে।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশে পর্যাপ্ত পর্যবেক্ষক পাঠানোর জন্য জাতিসংঘের মহাসচিবের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী।