জনস্বার্থে রায় দেওয়ায় এ হামলা হয়ে থাকতে পারে: সুরঞ্জিত
উচ্চ আদালত ‘জনস্বার্থে’ বেশ কিছু রায় দেওয়ায় প্রধান বিচারপতির বাসভবনে ককটেল হামলা হয়ে থাকতে পারে বলে মন্তব্য করেছেন আইন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সুরঞ্জিত সেনগুপ্ত।গতকাল শুক্রবার রাজধানীতে নিজের বাসায় আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে সুরঞ্জিত বলেন, উচ্চ আদালত জনস্বার্থে বেশ কিছু রায় দিয়েছেন। সেই কারণে প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের বাসভবনে ককটেল হামলা হয়ে থাকতে পারে। ককটেল হামলা বিশেষ কোনো দলের কাজ কি না জানতে চাইলে সুরঞ্জিত বলেন, ‘এটা কোন দলের কাজ, সেটা সহজে অনুমেয়। নাম বলে অহেতুক বিতর্ক তৈরি করতে চাই না।’ বর্তমানে বিচারপতিদের জন্য যে নিরাপত্তাব্যবস্থা রয়েছে সেটা যথেষ্ট নয় বলে মন্তব্য করেন সুরঞ্জিত সেনগুপ্ত। তিনি বলেন, প্রধান বিচারপতি এবং অন্যান্য বিচারপতিকে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব সরকারের। তাই বিচারপতিদের নিরাপত্তা বাড়াতে হবে। তাঁদের নিরাপত্তার জন্য পৃথক আইন প্রণয়নের প্রয়োজন দেখা দিয়েছে।প্রধান বিচারপতির বর্তমান বাসভবনটির অবস্থান নিরাপদ নয় মন্তব্য করে আওয়ামী লীগের প্রবীণ এই নেতা বলেন, ভবনটি নিরাপদ জায়গায় স্থানান্তর করা উচিত।বিরোধী দলের আন্দোলন কর্মসূচি সম্পর্কে সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, ‘ব্যক্তির স্বার্থে আন্দোলন করে নৈরাজ্য, বিশৃঙ্খলা সৃষ্টি করা যায়, সফল হওয়া যায় না। ইমেলদা মার্কোস (ফিলিপাইনের সাবেক ফার্স্ট লেডি) মার্কা রাজনীতি ত্যাগ করে জনগণের জন্য অনুকরণীয় রাজনীতি করতে হবে।’বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়ার বাড়ি সংক্রান্ত হাইকোর্টের রায় সম্পর্কে সুরঞ্জিত বলেন, হাইকোর্টের রায়ের মাধ্যমে বাড়ি দখলের রাজনীতির অবসান হবে।