জনস্বার্থের দোহাই দিয়ে খাল ভরাটের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর এলাকায় বালু ফেলে খাল ভরাট করা হচ্ছে। আওয়ামী লীগের একজন স্থানীয় নেতা জনস্বার্থের দোহাই দিয়ে ওই খালের মধ্য দিয়ে রাস্তা নির্মাণের জন্য এ উদ্যোগ নিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এতে বর্ষা মৌসুমে পানিনিষ্কাশন করা সম্ভব না হওয়ায় খালের পাশের সড়ক ক্ষতিগ্রস্ত হবে এবং এলাকাবাসী দুর্ভোগ পোহাবে।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নবীনগর উপজেলার আলীয়াবাদ মৌজার ১ নম্বর সরকারি খাস খতিয়ানের ৪৩২ দাগের কমপক্ষে এক একরের একটি খাল রয়েছে। পৌর বাসস্ট্যান্ডের কাছে নবীনগর-কোম্পানীগঞ্জ সড়কের একটি সেতুর নিচ দিয়ে খালটি প্রবাহিত হয়েছে। বর্ষা মৌসুমে এলাকার বিভিন্ন স্থানে জমে থাকা পানি এ খাল দিয়ে নিষ্কাশন করা হয় এবং আশপাশের লোকজন নৌকায় করে এখান দিয়ে যাতায়াত করে। খালটি তিতাস নদীতে গিয়ে মিশেছে।এলাকাবাসী জানায়, শুষ্ক মৌসুমে ওই খালে পানি থাকে না। এ সুযোগে আলীয়াবাদ গ্রামের বাসিন্দা ও উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য আবদুুর রহমান বালু ফেলে খালটি ভরাট করছেন।সরেজমিনে দেখা গেছে, আলীয়াবাদ সেতুর প্রায় ২০ হাত দূর থেকে দু-তিন মাস আগে খাল ভরাটের কাজ শুরু করা হয়। ইতিমধ্যে খালটির ৪০০-৫০০ হাত জায়গা ভরাট করা হয়েছে।উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক বোরহান উদ্দিন আহম্মেদ বলেন, প্রাচীন এ খালটি ভরাট করা হলে বর্ষা মৌসুমে পাহাড় থেকে নেমে আসা পানি এ খাল দিয়ে প্রবাহিত হতে পারবে না। এতে পানি উঠে নবীনগর-কোম্পানীগঞ্জ সড়ক ক্ষতিগ্রস্ত হবে।সহকারী কমিশনার (ভূমি) ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সামছুল ইসলাম বলেন, ‘আমার জানামতে, খাল ভরাটের কোনো অনুমতি দেওয়া হয়নি।’আওয়ামী লীগের নেতা আবদুর রহমান বলেন, ‘গ্রামবাসীর যাতায়াতের জন্য এ মরা খালের শ্রেণী পরিবর্তন করে ওখানে রাস্তা তৈরির জন্য জেলা প্রশাসকের কাছে আবেদন করেছি। ওই আবেদনে স্থানীয় সংসদ সদস্য ও উপজেলা পরিষদের চেয়ারম্যানের সুপারিশসহ এলাকার মানুষের স্বাক্ষর রয়েছে।’স্থানীয় সাংসদ শাহ্ জিকরুল আহম্মেদ বলেন, ‘ওই মরা খালে বছরের অধিকাংশ সময় পানি থাকে না। তাই জনস্বার্থে ওই খালের মধ্যে রাস্তা নির্মাণের জন্য খালের শ্রেণী পরিবর্তনের আবেদনে সুপারিশ করেছি।’ জেলা প্রশাসক আবদুল মান্নান বলেন, ‘খাল ভরাটের কোনো অনুমতি কাউকে দেওয়া হয়নি। দু-এক দিনের মধ্যে আমি ওই খালটি পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।’