জনস্বাস্থ্য ইনস্টিটিউটের কর্মচারী নেতা খুন
রাজধানীর মহাখালীতে গতকাল শনিবার স্বাস্থ্য বিভাগের এক কর্মচারী সন্ত্রাসীদের গুলিতে নিহত হয়েছেন।জনস্বাস্থ্য ইনস্টিটিউটের (আইপিএইচ) পরীক্ষাগার সহকারী সিদ্দিকুর রহমান (৪৫) ইনস্টিটিউটের জামে মসজিদের কাছে খুন হন। সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে মাগরিবের নামাজ পড়তে মসজিদে ঢোকার সময় সন্ত্রাসীরা কাছ থেকে তাঁকে গুলি করে। সিদ্দিকুর রহমান স্বাস্থ্য বিভাগীয় সমিতির সাংগঠনিক সম্পাদক ছিলেন।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, পাঁচ-ছয়জন সন্ত্রাসী সিদ্দিকুর রহমানকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছুড়ে পালিয়ে যায়। শরীরে একাধিক গুলি লেগে সিদ্দিকুর লুটিয়ে পড়েন। রক্তাক্ত অবস্থায় তাঁকে প্রথমে মহাখালীর আয়েশা মেমোরিয়াল হাসপাতাল ও অবস্থার অবনতি হওয়ায় পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাঁকে মৃত ঘোষণা করা হয়।নিহত সিদ্দিকের ফুপাতো ভাই আমজাদ ঢালী প্রথম আলোকে বলেন, অজু করে তিনি মসজিদের সামনে দাঁড়িয়ে তাঁর তিন সহকর্মীর সঙ্গে কথা বলছিলেন। এ সময় এক মহিলা এসে সিদ্দিকের নাম ধরে ডাক দেন। সিদ্দিক ঘুরে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে পাঁচ সন্ত্রাসী তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়ে। হামলাকারীরা কালো মুখোশ পরা ছিল।আমজাদ জানান, সিদ্দিক আগে আইপিএইচ কোয়ার্টারে থাকলেও সম্প্রতি উত্তরা ৪ নম্বর সেক্টরে বাড়ি করেছেন। তাঁর গ্রামের বাড়ি মুন্সিগঞ্জের সিরাজদিখানের বাসাইলে।জানতে চাওয়া হলে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামালউদ্দিন প্রথম আলোকে বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে, সিদ্দিক আইপিএইচের পাশে কর্মচারী ক্যানটিনে ঠিকাদার হিসেবে মালামাল সরবরাহ করতেন। এ ছাড়া সেখানে তিনি টিনের ঘর তুলে ভাড়াও দিয়েছেন। আর্থিক এসব সুবিধা নিতে প্রতিদ্বন্দ্বীরা সম্প্রতি তাঁকে বগুড়ায় বদলি করিয়েছিল। সিদ্দিক ওই বদলির আদেশ বাতিল করে বহাল তবিয়তে থাকায় তারা ক্ষিপ্ত হয়ে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে।