জনস্বাস্থ্য প্রকৌশলীর বিরুদ্ধে টাকা আদায়ের অভিযোগ
বরিশালে গৌরনদী উপজেলায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের (ডিপিএইচই) পল্লি অঞ্চলে পানি সরবরাহ প্রকল্পের আওতায় ৫০টি গভীর নলকূপ বরাদ্দ দেওয়া হয়েছে। এ প্রকল্পে সুবিধাভোগীদের কাছ থেকে কোনো টাকা নেওয়া যাবে না। তবে অভিযোগ উঠেছে, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মো. মঈনুদ্দিন আহম্মেদ প্রতিটি নলকূপের বিপরীতে ৭ হাজার ১০০ টাকা করে আদায় করেছেন।
এ বিষয়ে মো. মঈনুদ্দিন আহম্মেদ বলেন, ‘আমি কারও কাছ থেকে কোনো টাকা নিইনি। বিশেষ গ্রামীণ নলকূপ বাবদ টাকা নেওয়া হয়েছে।’
ডিপিএইচইর বরাদ্দপত্র সূত্রে জানা যায়, পল্লি অঞ্চলে পানি সরবরাহ প্রকল্পের আওতায় ঘূর্ণিঝড় রোয়ানুর আঘাতে ক্ষতিগ্রস্ত এলাকায় বার্ষিক উন্নয়ন কর্মসূচির জরুরি ভিত্তিতে পানির উৎস স্থাপনের ভৌত বরাদ্দে ৭৮০টি গভীর নলকূপ স্থাপনের উদ্যোগ নেওয়া হয়। এর মধ্যে গৌরনদী উপজেলায় ৫০টি। এ প্রকল্পে সুবিধাভোগীদের কাছ থেকে কোনো টাকা নেওয়া যাবে না। উৎসসমূহ চাঁদা মওকুফ। ওই কর্মসূচির আওতায় গৌরনদী উপজেলায় ৫০টি গভীর নলকূপ স্থাপনের নিমিত্তে স্থানীয় সাংসদের মতামতের ভিত্তিতে তালিকা প্রণয়ন করা হয়।
ডিপিএইচইর গৌরনদী উপজেলা কার্যালয় ও স্থানীয় সূত্র জানায়, স্থানীয় সংসদ সদস্য ওই ৫০টি গভীর নলকূপ স্থাপনের জন্য প্রকল্প স্থান নির্ধারণের জন্য দায়িত্ব বণ্টন করেন। এর মধ্যে উপজেলার ৭টি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ২টি করে ১৪টি, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক ১টি করে ১৪টি, পৌরসভার মেয়র ১০টি, উপজেলা পরিষদের চেয়ারম্যান ৭টি এবং বিশেষ ব্যক্তি বাকি ৫টি প্রকল্প স্থান নির্ধারণের দায়িত্ব পান। অন্য প্রকল্পের গভীর নলকূপ স্থাপনের জন্য সুবিধাভোগীদের কাছ থেকে ৭ হাজার টাকার পে-অর্ডার নেওয়া হয়। কিন্তু এ প্রকল্পে চাঁদা মওকুফের বিষয়টি গোপন রেখে উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মো. মঈনুদ্দিন আহম্মেদ প্রকল্প স্থান নির্ধারণকারী দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের কাছ থেকে প্রতিটি নলকূপ বাবদ ৭ হাজার ১০০ টাকা করে আদায় করেন। এ হিসাবে তিনি ৩ লাখ ৫৫ হাজার টাকা নিয়েছেন।
খাঞ্জাপুর ইউপির চেয়ারম্যান মো. নুর আলম সেরনিয়াবাত ও সরিকল ইউপির চেয়ারম্যান মো. ফারুক হোসেন মোল্লা বলেন, চাঁদামুক্ত নলকূপ বরাদ্দ করার বিষয়টি তাঁরা জানতেন না। বিষয়টি গোপন রেখে জনস্বাস্থ্য প্রকৌশলী প্রতিটি নলকূপ বাবদ ৭ হাজার ১০০ টাকা করে আদায় করে আত্মসাৎ করেছেন। একই অভিযোগ করেছেন পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আতিকুর রহমান।
পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. কবির হোসেন খান বলেন, ‘আমি একটি প্রকল্পের স্থান নির্ধারণ করেছি। জনস্বাস্থ্য প্রকৌশলী সরকারি ফি জমা দেওয়ার কথা বলে থেকে ৭ হাজার ১০০ টাকা নিয়েছেন।’
ডিপিএইচইর জেলা কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী এস এম শহিদুল ইসলাম বলেন, এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।