জনস্বাস্থ্যের ভিত্তি দৃঢ় না হলে নাগরিকের স্বাস্থ্য ভালো থাকে না

ভারতের হেলথ কেয়ার ইন্টারন্যাশনালের প্রেসিডেন্ট অধ্যাপক গৌতম সেন বলেছেন, দেশে জনস্বাস্থ্যের ভিত্তি দৃঢ় না হলে নাগরিকের স্বাস্থ্য ভালো থাকে না। ব্যয়বহুল পাঁচ তারকা হাসপাতাল তৈরির চেয়ে প্রাথমিক স্বাস্থ্যসেবায় বিনিয়োগ করা জরুরি।
আজ মঙ্গলবার সকালে রাজধানীতে আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশের (আইসিডিডিআরবি) সাসাকাওয়া মিলনায়তনে পাবলিক হেলথ ফাউন্ডেশন দিবস উদযাপন ও বৈজ্ঞানিক সেমিনারের দ্বিতীয় দিনের প্রথম অধিবেশনে গৌতম সেন এসব কথা বলেন।
গবেষণার বিষয় উল্লেখ করে গৌতম সেন বলেন, বিশেষজ্ঞ চিকিৎসকের সংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে চিকিৎসার ব্যয় বেড়ে যায়।
পাবলিক হেলথ ফাউন্ডেশন অব বাংলাদেশ, আইসিডিডিআরবি ও ফাউন্ডেশন ফর অ্যাডভান্সমেন্ট অব ইনোভেশনস ইন টেকনোলজি অ্যান্ড হেলথ যৌথভাবে দুই দিনব্যাপী এই বৈজ্ঞানিক সেমিনারের আয়োজন করেছে।
আজ সকালে সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন ও হাসপাতালের প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট জাতীয় অধ্যাপক আব্দুল মালেক। বিশেষ অতিথি ছিলেন প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান ও আইসিডিডিআরবির উপনির্বাহী পরিচালক আব্বাস ভূঁইয়া।
অনুষ্ঠানে জনস্বাস্থ্য সেবায় অবদানের জন্য পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্রের (সিআরপি) প্রতিষ্ঠাতা ও সমন্বয়কারী ভেলোরি এ টেইলর ও জনস্বাস্থ্য শিক্ষায় অবদানের জন্য ঠেঙ্গামারা মহিলা সবুজ সংঘের (টিএমএসএস) নির্বাহী পরিচালক হোসনে আরা বেগমকে বিশেষ সম্মাননা দেওয়া হয়।