জনস্রোতে ভেসে গিয়েছিল বিনোদনকেন্দ্রগুলো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কেউ দেখছেন, কেউবা তুলছেন ছবি। মানুষের আগ্রহ-উদ্দীপনায় যেন প্রাণীগুলোও সাড়া দিয়ে যাচ্ছে। ঈদের ছুটিতে মিরপুর চিড়িয়াখানা ছিল এমন দৃশ্যে ভরপুর। ছবিটি গত শনিবার তোলা l প্রথম আলো
কেউ দেখছেন, কেউবা তুলছেন ছবি। মানুষের আগ্রহ-উদ্দীপনায় যেন প্রাণীগুলোও সাড়া দিয়ে যাচ্ছে। ঈদের ছুটিতে মিরপুর চিড়িয়াখানা ছিল এমন দৃশ্যে ভরপুর। ছবিটি গত শনিবার তোলা l প্রথম আলো

রোববার বেলা আড়াইটা। মাথার ওপর গনগনে সূর্য। পথঘাট প্রায় ফাঁকা। মৎস্য ভবন পেরিয়ে শিশুপার্কের সামনে এগিয়ে যেতেই যানজট। শিশুপার্কের ভেতরে ঢোকার জন্য মানুষের সারি। পার্কিংয়ে এতটুকু ফাঁকা জায়গা নেই। ভেতরে প্রতিটি রাইডের সামনে আলাদা করে ভিড়। এ ভিড় ছিল সন্ধ্যা পর্যন্ত। একই চিত্র মিরপুরের জাতীয় চিড়িয়াখানায়। রোববার সকাল থেকে সারা দিন রীতিমতো জনস্রোতে ভেসে গিয়েছিল চিড়িয়াখানা। প্রবেশপথে সারা দিনই ছিল উৎসুক মানুষের সারি। ঈদের তৃতীয় দিন গতকাল রোববার চিড়িয়াখানার দর্শনার্থী লাখ ছাড়িয়ে গেছে বলে জানায় কর্তৃপক্ষ।
ঈদের দিন সকালের পর কোরবানির মাংস নিয়ে স্বজনের বাড়িতে ছোটাছুটি করে সময় কেটে গেছে বেশ খানিকটা। বিকেল কিংবা সন্ধ্যাটা গেছে বিশ্রামে। পরদিন শনিবার থেকে অখণ্ড অবসর। আগের কয়েক দিন টানা বৃষ্টি থাকলেও ঈদের দিন ছিল না বৃষ্টির দৌরাত্ম্য। শনিবার এবং গতকাল রোববারও সারা দিন ছিল রোদের ঝিকমিক উপস্থিতি। এ সুযোগে ঈদের ছুটিটা কাজে লাগাতে পরিবারের সব সদস্য, আত্মীয়-পরিজন নিয়ে বিনোদনকেন্দ্রগুলোয় ঘুরে বেড়িয়েছে নগরবাসী। ঈদের পরদিন থেকে শাহবাগে জিয়া শিশুপার্ক, মিরপুরে ঢাকা চিড়িয়াখানাসহ জাতীয় জাদুঘর, আহসান মঞ্জিল, লালবাগ কেল্লা থেকে শুরু করে হাতিরঝিল, সংসদ ভবন চত্বর, রমনা পার্ক, চন্দ্রিমা উদ্যানসহ সব বিনোদনকেন্দ্র, এমনকি নগরের বিভিন্ন স্থানের ফ্লাইওভারও ছিল উৎসবমুখর।
চিড়িয়াখানায় সর্বাধিক ভিড়: ঈদের দিন ভিড় কিছুটা কম ছিল। কিন্তু পরদিন শনিবার ঢাকা চিড়িয়াখানায় নামে মানুষের ঢল। জিরাফ, বাঘ, হাতি, ঘোড়া, সিংহ, বানর, হনুমান, ময়ূরসহ নানা প্রাণীর খাঁচার সামনে ভিড় ছিল চোখে পড়ার মতো। ভিড় সামাল দিতে নিরাপত্তাকর্মীরা গলদঘর্ম হয়েছেন। চিড়িয়াখানায় আনন্দের অন্যতম অনুষঙ্গ হাতি-ঘোড়ায় চড়া। এবারও সেই একই দৃশ্য দেখা গেছে। পরিবার-পরিজন নিয়ে হাতি বা ঘোড়ায় চড়ার জন্য শিশুদেরও উৎসাহ কম ছিল না। একাধিক টিকিট কাউন্টার খুলেও দর্শনার্থীদের সামাল দিতে হিমশিম খেতে হয়েছে নিরাপত্তাকর্মীদের। চিড়িয়াখানার কিউরেটর এনায়েত হোসেন প্রথম আলোকে জানান, শনিবার পৌনে এক লাখ দর্শনার্থী এসেছিল চিড়িয়াখানার। আজ (রোববার) সন্ধ্যার আগেই লাখ ছাড়িয়ে যায়। অতিরিক্ত দর্শনার্থীর জন্য আলাদা করে নিরাপত্তার ব্যবস্থা করতে হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকায় গত ঈদের তুলনায় এবার দর্শনার্থীর সংখ্যা অনেক বেশি। তিনি জানান, চিড়িয়াখানায় একটি প্রাণী জাদুঘরও রয়েছে। রাসায়নিকভাবে সংরক্ষণ করা বিভিন্ন প্রাণীর দেহ দেখতেও ছিল কৌতূহলী দর্শনার্থীর ভিড়।

ঈদের ছুটিতে শিশুদের পদচারণে মুখর হয়ে উঠেছিল রাজধানীর শিশুপার্ক। ছবিটি গত শনিবার তোলা l প্রথম আলো
ঈদের ছুটিতে শিশুদের পদচারণে মুখর হয়ে উঠেছিল রাজধানীর শিশুপার্ক। ছবিটি গত শনিবার তোলা l প্রথম আলো


শিশুপার্কে ছিলেন বড়রাও: এবার ঈদের দিন বন্ধ ছিল শিশুপার্ক। পরদিন শনিবার সকাল থেকেই ভিড় লেগে ছিল শাহবাগের জিয়া শিশুপার্কে। শিশু-কিশোরেরা এসেছিল তাদের অভিভাবকদের হাত ধরে। ভিড়টা ছিল সব বয়সী মানুষের। উড়ন্ত চরকি, যুদ্ধবিমান, ট্রেন—এগুলোতে চড়তে হচ্ছিল দীর্ঘ লাইন দিয়ে। অপেক্ষা সইতে না পেরে কেউ কেউ বাবা-মায়ের আঙুল ছেড়ে ছুটতে চাইছিল। মাত্রাতিরিক্ত ভিড় থাকায় বহু শিশু-কিশোর কাঙ্ক্ষিত রাইডে চড়তে পারেনি। রাইডে চড়তে না পারলেও শিশুরা দৌড়াদৌড়ি করে আনন্দে সময় কাটিয়েছে। শিশুপার্কের দায়িত্বে থাকা সিটি করপোরেশনের সহকারী প্রকৌশলী মো. নুরুজ্জামান প্রথম আলোকে জানান, শনিবার শিশুপার্কে বিনোদনপিয়াসীর সংখ্যা ছিল ৩৪ হাজার। রোববার এখন পর্যন্ত (বিকেল পাঁচটা) চূড়ান্ত হিসাব না করলেও সংখ্যাটা আগের দিন ছাড়িয়ে গেছে। অতীতের তুলনায় এবারের ঈদে শিশু-কিশোরের উপস্থিতি ছিল বেশি।
জাদুঘরের চলচ্চিত্র উৎসব: ঈদের পরদিন সকাল থেকে খোলা ছিল জাতীয় জাদুঘর। ঈদের আনন্দ বাড়িয়ে দিতে জাদুঘর কর্তৃপক্ষ জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তন ও স্বাধীনতা জাদুঘরে শিশুতোষ চলচ্চিত্র দেখার সুযোগ করে দেয়। প্রথম দিন শনিবার দেখানো হয় ফরিদুর রেজা সাগরের রাজশাহীর রসগোল্লা। গতকাল রোববার দেখানো হয় মোরশেদুল ইসলামের আমার বন্ধু রাশেদ। আজ সোমবার দেখানো হবে হুমায়ূন আহমেদের নয় নম্বর বিপদ সংকেত।
ছবি দেখার আনন্দ ছিল সিনেমা হলগুলোতেও। ঈদে বড় পর্দায় মূলধারার দুটি পূর্ণদৈর্ঘ্য ছবিসহ মোট মুক্তি পেয়েছে চারটি চলচ্চিত্র। ঈদের পরদিন শনিবার সিনেমা হলগুলো ছিল সিনেমা অনুরাগীদের ভিড়। ঢাকার ছবির পাশাপাশি স্টার সিনেপ্লেক্স ও ব্লকবাস্টার সিনেমাসে হলিউডের থ্রিডি ছবি দেখার জন্য ভিড় জমিয়েছিলেন তরুণ-তরুণীরা।
আগ্রহ যখন উদ্যানে: ফাঁকা রাজপথে ছিল না ট্রাফিক পুলিশের কড়াকড়ি। এ কারণে রিকশাবিলাসে মেতে উঠেছিলেন তরুণ-তরুণীরা। রিকশায় হুড ফেলে তাঁরা ঘুরে বেড়িয়েছেন নগরের ভিআইপি সড়কগুলোতেও। অনেকের গন্তব্য ছিল রমনা পার্ক, সোহরাওয়ার্দী উদ্যান, শাহবাগ, ছবির হাট, চন্দ্রিমা উদ্যান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি ক্যাম্পাস পরিণত হয় বন্ধুদের আড্ডার মিলনকেন্দ্রে। পুরোনো বন্ধুদের সঙ্গে দেখা-সাক্ষাতের কেন্দ্রে ছিল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, নাটক সরণি (বেইলি রোড)। ঈদের ছুটিতে চিড়িয়াখানার পাশে জাতীয় উদ্ভিদ উদ্যানেও (বোটানিক্যাল গার্ডেন) বেশ ভিড় ছিল। ওয়ারীর বলধা গার্ডেনের চিত্র ছিল একই। প্রতিদিন বিকেল থেকে হাতিরঝিলে ছিল জনস্রোত।