জনাব আলী কলেজে নকলে বাধা দেওয়ায় শিক্ষক লাঞ্ছিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হবিগঞ্জের বানিয়াচং উপজেলার জনাব আলী কলেজে এইচএসসির নির্বাচনী পরীক্ষায় নকলে বাধা দেওয়ায় এক শিক্ষক লাঞ্ছিত হয়েছেন। নকলকারীদের পক্ষাবলম্বন করে একদল বখাটে কলেজে ভাঙচুর করেছে। এ সময় আহত হয়েছে ১০ জন ছাত্রছাত্রী। ঘটনাটি ঘটেছে গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায়।প্রত্যক্ষদর্শী ছাত্রছাত্রী ও মামলার এজাহার থেকে জানা যায়, জনাব আলী কলেজে গতকাল মানবিক বিভাগের পৌরনীতি দ্বিতীয় বিষয়ের নির্বাচনী পরীক্ষা ছিল। মানবিক বিভাগের ছাত্র সেজু মিয়া নকল করায় পরীক্ষার হলে দায়িত্বরত পদার্থবিজ্ঞানের শিক্ষক পলাশ চন্দ্র শীল মৌখিকভাবে সতর্ক করে দেন। কিন্তু ওই শিক্ষকের কথায় কর্ণপাত না করে সেজু মিয়া তাঁর সামনেই নকল করতে থাকে। একপর্যায়ে শিক্ষক পলাশ চন্দ্র শীল ওই ছাত্রের খাতা ও নকল জব্দ করে তাকে হল থেকে বহিষ্কার করেন। এ সময় সেজু মিয়া ও তার দুই সহপাঠী একই ক্লাসের মারুফ ও মিজান উত্তেজিত হয়ে শিক্ষককে শারীরিকভাবে লাঞ্ছিত করে। অধ্যক্ষ শাফিউজ্জামান খান জানান, ‘মাঝেমধ্যেই কতিপয় বহিরাগত ও ছাত্রনামধারী সন্ত্রাসীর কারণে কলেজ ক্যাম্পাস উত্তপ্ত হয়ে ওঠে।’