জনি টেক্সটাইল মিলসকে তিন কোটি টাকা জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সদর উপজেলার ফতুল্লায় বর্জ্য ফেলে শীতলক্ষ্যা নদীদূষণের অভিযোগে গতকাল সোমবার জনি টেক্সটাইল মিলস লিমিটেডকে (জনি প্রিন্ট) তিন কোটি টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।পরিবেশ অধিদপ্তরের পরিচালক (মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট) মোহাম্মদ মুনীর চৌধুরীর নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। এক বছর আগে পরিবেশ অধিদপ্তরের এনফোর্সমেন্ট অভিযান শুরুর পর এটিই টাকার অঙ্কে সর্বোচ্চ পরিমাণ অর্থদণ্ড বলে অধিদপ্তর জানিয়েছে।পরিবেশ অধিদপ্তর সূত্র জানায়, কাপড় তৈরির প্রতিষ্ঠান জনি টেক্সটাইল মিলস লিমিটেড গত ১০ বছরে প্রায় নয় লাখ ২৮ হাজার ঘনমিটার দূষিত তরল বর্জ্য নিঃসরণ করেছে, যা স্থানীয় লালপুর খাল দিয়ে শীতলক্ষ্যা নদীতে সরাসরি পড়ছে। কারখানাটিতে উৎপাদন শুরুর পর থেকে কোনো বর্জ্য পরিশোধনাগার স্থাপন করা হয়নি। এটির পরিবেশ ছাড়পত্রও নেই। পরিবেশ সংরক্ষণ আইনে এই কারখানা দূষণ সৃষ্টির জন্য অত্যন্ত বিপজ্জনক, যা লাল শ্রেণীভুক্ত হিসেবে চিহ্নিত।কারখানার ব্যবস্থাপনা পরিচালক দূষণের অপরাধ স্বীকার করে জরিমানার অর্থ পরিশোধ করেন এবং ভবিষ্যতে পরিবেশদূষণ নিয়ন্ত্রণের অঙ্গীকার করেন।মোহাম্মদ মুনীর চৌধুরী জানান, ওই কারখানা থেকে নিঃসৃত তরল বর্জ্য পরীক্ষা করে দ্রবীভূত অক্সিজেনের কোনো উপস্থিতি পাওয়া যায়নি। অথচ শীতলক্ষ্যা নদীতে জলজ প্রাণীর অস্তিত্ব রক্ষায় ন্যূনতম পাঁচ মিলিগ্রাম/লিটার বা ততোধিক মাত্রার অক্সিজেন থাকা আবশ্যক। বর্জ্য পরিশোধনাগার (ইটিপি) স্থাপনে অবহেলার কারণে কারখানার ব্যবস্থাপনা পরিচালকসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের তিরস্কার করা হয়েছে। ২০১২ সালের ৩১ জানুয়ারির মধ্যে ইটিপি স্থাপনের নির্দেশ দেওয়া হয়েছে। এই সময়ের মধ্যে কোনোভাবেই আর বর্জ্য না ফেলার নির্দেশ দেওয়া হয়েছে। তবে এই সময়ের মধ্যে ইটিপি স্থাপনে ব্যর্থ হলে কারখানার গ্যাস ও বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন করে উৎপাদন সম্পূর্ণ বন্ধ এবং মালিকসহ দায়ী কর্মকর্তাদের গ্রেপ্তার করে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।