রাজশাহী কলেজের মুসলিম ছাত্রাবাসে গত এক মাস আগে জন্ডিস দেখা দিয়েছে। এ পর্যন্ত আক্রান্ত প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থী ছাত্রাবাস ছেড়ে বাড়ি চলে গেছেন। পরীক্ষার কারণে যাঁরা বাড়ি যেতে পারেনি, তাঁরা ছাত্রাবাসে থেকে চিকিত্সা নিচ্ছেন। শিক্ষার্থীরা আশঙ্কা করছেন, ছাত্রাবাসে ডাইনিংয়ের খাবার থেকেই এই রোগ ছড়াচ্ছে। কলেজের মেডিকেল সেন্টারে প্রতিদিন কমপক্ষে ১৫ থেকে ২০ জন শিক্ষার্থী জন্ডিসের চিকিত্সা নিচ্ছেন। শিক্ষার্থীরা জানান, কলেজের মুসলিম ছাত্রাবাসের সাতটি ব্লকেই জন্ডিস ছড়িয়ে পড়েছে। বি ব্লকের ১৭ নম্বর কক্ষে থাকেন উদ্ভিদবিদ্যা বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী মতিউর রহমান। তিনি ২২ দিন ধরে জন্ডিসে ভুগছেন। মতিউর রহমান বলেন, ‘প্রথম অসুস্থ হওয়ার পর আমি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে চিকিত্সকের পরামর্শে রক্ত পরীক্ষা করাই। এরপর জন্ডিসের বিষয়টি নিশ্চিত হই।’ ডি ব্লকের ১৩ নম্বর কক্ষের আবাসিক শিক্ষার্থী আহমেদুল্লাহ বলেন, ‘আমার রুমমেট তুহিনের জন্ডিস ধরা পড়ার পর তাকে বাড়ি পাঠিয়ে দিয়েছি। প্রতিদিনই কেউ না কেউ অসুস্থ হয়ে ছাত্রাবাস ছেড়ে বাড়ি চলে যাচ্ছে।’ শিক্ষার্থীরা জানান, ছাত্রাবাসটির ডি ব্লকের আইয়ুব আলী, আবদুুল মালেক, তুহিন আলীসহ ১০ জন; নিউ ব্লকের হাসান, রনিসহ ১০ জন, এ ব্লকের তুহিন আহাম্মেদ, সৌরভ; সি ব্লকের কাফি, পরাগসহ আরও কয়েকজন শিক্ষার্থী জন্ডিসে আক্রান্ত হয়েছেন। শিক্ষার্থীরা অভিযোগ করেন, যে ট্যাংকের পানি দিয়ে ডাইনিংয়ে রান্না করা হয়। তা কোনো দিন পরিষ্কার করা হয় না। রাজশাহী কলেজের মেডিকেল সেন্টারের চিকিত্সক মনোয়ার হোসেন বলেন, প্রতিদিন তিনি ১৫ থেকে ২০ জন শিক্ষার্থীকে চিকিত্সা দিচ্ছেন। তাঁদের রক্ত পরীক্ষা করার পরামর্শ দিচ্ছেন। মনোয়ার হোসেন বলেন, ময়লাযুক্ত পানি ও খারাপ তেলে রান্না করা খাবার থেকেই হয়তো জন্ডিস ছড়াচ্ছে। এ ছাড়া শীতের শেষে এমনিতেই জন্ডিসের প্রকোপ একটু বেশি দেখা দেয়।ছাত্রাবাসের তত্ত্বাবধায়ক খালেদ ইকবাল চৌধুরী বলেন, মুসলিম ছাত্রাবাসে ৫০০ শিক্ষার্থী রয়েছে। ব্যাপকহারে জন্ডিস ছড়িয়ে পড়ার খবর তাঁদের জানা নেই। ছাত্ররা তাঁদের কাছে এ ধরনের কোনো অভিযোগ করেনি। খাবার থেকেও এটা ছড়াতে পারে। কিন্তু আগে এমনটি হলে ছাত্ররা তাঁদের জানাত।