জন্ম ও মৃত্যু নিবন্ধনের ক্ষেত্রে ভুল তথ্য দিলে সর্বোচ্চ পাঁচ হাজার টাকা জরিমানা বা এক বছরের কারাদণ্ড বা উভয় শাস্তির বিধান রেখে ‘জন্ম ও মৃত্যু নিবন্ধন (সংশোধন) আইন, ২০১৩’-এর খসড়ার চূড়ান্ত অনুমোদন করেছে মন্ত্রিসভা।গতকাল সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই আইনের খসড়ার চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোশাররাফ হোসাইন ভূইঞা সাংবাদিকদের জানান, ১৮৭৩ সালের এ আইন ২০০৪ সালে সর্বশেষ সংশোধন করা হয়। ডিজিটাল নিবন্ধন, ব্যক্তিগত পরিচিতি নম্বর, প্রবাসীদের জন্ম ও মৃত্যু নিবন্ধন সংযুক্ত করতেই এই আইন সংশোধনের খসড়ার চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে।বৈঠকে কক্সবাজারকে একটি পরিকল্পিত পর্যটন নগর হিসেবে গড়ে তুলতে ‘কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ আইন ২০১৩’-এর খসড়া নীতিগতভাবে অনুমোদন করেছে মন্ত্রিসভা।মন্ত্রিপরিষদ সচিব জানান, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের আদলে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ করা হবে। আইন মন্ত্রণালয়ের চূড়ান্ত যাচাই-বাছাইয়ের পর এ আইন চূড়ান্ত করা হবে। এ আইনের অধীনে কক্সবাজারের উন্নয়নে কর্তৃপক্ষের একজন চেয়ারম্যান এবং প্রশাসন, উন্নয়ন ও পরিকল্পনার জন্য তিনজন সদস্য এবং বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা থাকবেন। একটি পরিকল্পিত পযটন নগর গড়ে তোলার জন্য কর্তৃপক্ষ সমীক্ষা, জরিপ, মাস্টারপ্ল্যান তৈরি এবং নগর পরিকল্পনা তৈরি করবে। অপরিকল্পিত নগরায়ণ প্রতিহত এবং অবৈধ দখল উচ্ছেদেও এ কর্তৃপক্ষ কাজ করবে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব।সূত্র জানায়, মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শাহবাগ আন্দোলন নিয়ে কথা বলেন। এ সময় মন্ত্রিসভার সদস্যরা এ আন্দোলনের সময়সীমা নির্ধারণ করে মূল চত্বর থেকে সরিয়ে টিএসসির দিকে নেওয়ার প্রস্তাব করেন।