জন্ম-মৃত্যু নিবন্ধনে ভুল তথ্য দিলে শাস্তির বিধান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভুল তথ্য দিলে শাস্তির বিধান রেখে জন্ম ও মৃত্যু নিবন্ধন (সংশোধন) আইনের খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।প্রধানমন্ত্রীর কার্যালয়ে গতকাল মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই খসড়া অনুমোদিত হয়। বৈঠকের পর মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা সাংবাদিকদের এ তথ্য জানান।মন্ত্রিপরিষদ সচিব বলেন, সংশোধিত আইনে ভুল তথ্য দেওয়ার পাশাপাশি তথ্য দিতে অস্বীকৃতি জানালেও শাস্তির বিধান রাখার প্রস্তাব করা হয়েছে। সংশোধিত আইনের খসড়ায় ভুল তথ্য এবং তথ্য দিতে অস্বীকৃতি জানালে ৫০০ থেকে পাঁচ হাজার টাকা জরিমানা এবং অনধিক ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডের কথা বলা হয়েছে।সচিব বলেন, জন্ম ও মৃত্যু নিবন্ধন আইন ১৮৮৩ সালে প্রণীত হয় এবং ২০০৪ সালে এর সংশোধন হয়। বর্তমানে আরও কিছু সংশোধনীর প্রয়োজন দেখা দেওয়ায় অনুমোদন দেওয়া হয়েছে। সরকারি কাজে তথ্য ও যোগাযোগপ্রযুক্তির ব্যবহারে সুবিধার জন্য এই সংশোধন প্রয়োজন। খসড়ায় জন্ম ও মৃত্যু নিবন্ধনের জন্য ১৭ ডিজিটের পিনের (ব্যক্তিগত শনাক্তকরণ নম্বর) কথা বলা হয়েছে। প্রবাসীদের এই নিবন্ধনের জন্য বিদেশে বাংলাদেশের রাষ্ট্রদূতদের ক্ষমতা দেওয়া হবে। মোশাররাফ হোসাইন জানান, এই নিবন্ধন প্রক্রিয়ার সুবিধায় রেজিস্ট্রার জেনারেল নিয়োগ করা হবে।