জন্মদিনে উৎপলকে ফিরে পাওয়ার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিখোঁজ সাংবাদিক উৎপল দাসের ২৯ তম জন্মদিনে কারওয়ান বাজারের ‘ইটিভির গলি’র সামনে মোমবাতি হাতে বন্ধু-সহকর্মীদের অবস্থান কর্মসূচি। ছবি: প্রথম আলো
নিখোঁজ সাংবাদিক উৎপল দাসের ২৯ তম জন্মদিনে কারওয়ান বাজারের ‘ইটিভির গলি’র সামনে মোমবাতি হাতে বন্ধু-সহকর্মীদের অবস্থান কর্মসূচি। ছবি: প্রথম আলো

প্রতিদিন কাজ শেষে কারওয়ান বাজারের ‘ইটিভির গলি’র সামনে আড্ডা। জন্মদিন কিংবা ছোটখাটো আনন্দগুলো এখানেই সহকর্মীদের সঙ্গে ভাগাভাগি করতেন সাংবাদিক উৎপল দাস। আজ সোমবার ছিল উৎপলের ২৯ তম জন্মদিন। বন্ধু-সহকর্মীরা তাই গলি থেকে বের হয়ে পথে দাঁড়িয়েছিলেন ২৯টি মোমবাতি হাতে। মুখে ছিল কালো কাপড়। ‘দাবি একটাই, উৎপলকে ফিরে চাই’।

গত ১০ অক্টোবর থেকে নিখোঁজ উৎপল দাস। তিনি পূর্বপশ্চিমবিডিডটনিউজ নামের একটি অনলাইন সংবাদমাধ্যমের জ্যেষ্ঠ প্রতিবেদক। নিখোঁজের বিষয়ে রাজধানীর মতিঝিল থানায় পৃথক দুটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। পুলিশ ও র‍্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে তাঁরা উৎপলের হদিস বের করতে চেষ্টা চালাচ্ছেন। উৎপলের বন্ধু ও সহকর্মীদের কাছে ফোন করে প্রায়ই কান্নাকাটি করেন উৎপলের বাবা চিত্তরঞ্জন দাস। কিন্তু কেউই কোনো হদিস দিতে পারছেন না।

উৎপল আওয়ামী লীগ বিট কাভার করতেন। আজ তাঁর বিটের সহকর্মী আর আড্ডার বন্ধুরাই ওই প্রতিবাদী অবস্থান কর্মসূচির আয়োজন করে হোটেল সোনারগাঁওয়ের উল্টোদিকের ফুটপাত ঘেঁষে সেই আড্ডার জায়গাতেই। এর সঙ্গে মোমবাতি হাতে প্রতিবাদী অবস্থানে যুক্ত হন সাংবাদিকদের বিভিন্ন সংগঠনের নেতা ও জ্যেষ্ঠ সাংবাদিকেরাও।

ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) একাংশের সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত ওই কর্মসূচিতে বক্তব্য দেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা, সাধারণ সম্পাদক মুরসালিন নোমানি, জাতীয় প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক শাহেদ চৌধুরী ও ইলিয়াস খান। সঞ্চালনা করেন উৎপলের বন্ধু রাজীব আহমদ।

কর্মসূচিতে বক্তারা বলেন, এতদিন সাংবাদিকেরা অন্যদের নিখোঁজ হওয়ার সংবাদ লিখে আসছেন। এখন তাঁরা নিজেরাই এর শিকার। সাংবাদিক সমাজ উৎপলকে অক্ষত অবস্থায় ফিরে পেতে চান। তাঁরা উৎপলকে ফিরে পেতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।

ওই কর্মসূচি থেকে আগামী বুধবার বেলা ১১টায় উৎপলকে অক্ষত অবস্থায় ফিরিয়ে দেওয়ার দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশ কর্মসূচি ঘোষণা করা হয়।

এদিকে উৎপলের বন্ধু রাজীব আহমদ বলেন, আজ উৎপলের ফেসবুক আইডি থেকে তাঁর এক বন্ধুকে একটি বার্তা পাঠানো হয়েছে। বিষয়টি তাঁরা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানিয়েছেন। কর্মকর্তা খোঁজ নিয়ে তাঁদের বলেছেন যে, ওয়াইফাই সংযোগ ব্যবহার করে কেউ একজন উৎপলের আইডি ব্যবহার করেছিলেন। তবে কোথা থেকে সেটি ব্যবহার করা হয়েছিল, তা শনাক্ত করা যায়নি।