জন্মদিনে কবিকে স্মরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিনম্র শ্রদ্ধা ও গভীর ভালোবাসায় নজরুলজয়ন্তী উদ্যাপন করেছে দেশবাসী। গতকাল শনিবার ১১ জ্যৈষ্ঠ ছিল জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১৪তম জন্মদিন। ভোরবেলা ফুল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে কবির অন্তিম শয্যার পাশে এসেছিলেন অসংখ্য অনুরাগী। তাঁরা ফুলে ফুলে ঢেকে দিয়েছেন সমাধি। এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় পর্যায়ের নজরুলজয়ন্তীর কর্মসূচির উদ্বোধন করেন ওসমানী স্মৃতি মিলনায়তনে। রাজধানী ঢাকা, নজরুলের স্মৃতিজড়িত স্থানগুলোসহ সারা দেশেই নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে কবির জন্মদিন।সকালে কবির মাজারে তাঁর পরিবারের পক্ষে পুষ্পস্তবক অর্পণ করেন পুত্রবধূ উমা কাজী ও নাতনি খিলখিল কাজী। এ ছাড়া সংস্কৃতিমন্ত্রী আবুল কালাম আজাদ, ডাক ও তারমন্ত্রী সাহারা খাতুন, পররাষ্ট্রমন্ত্রী দীপু মনিসহ রাজধানীর বিভিন্ন সাংস্কৃতিক ও সামাজিক প্রতিষ্ঠানের পক্ষ থেকে শ্রদ্ধা জানিয়ে কবির মাজারে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। এখানে একটি আলোচনা সভাও আয়োজন করেছিল ঢাকা বিশ্ববিদ্যালয়। এতে প্রধান অতিথি ছিলেন উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক। এ ছাড়া কবির রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।

বাংলাদেশ শিল্পকলা একাডেমী: জাতীয় পর্যায়ে নজরুলজয়ন্তীর কর্মসূচিতে ঢাকায় জাতীয় নাট্যশালা মিলনায়তনে সন্ধ্যায় ছিল আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে অতিথি ছিলেন সংস্কৃতিসচিব রণজিৎ কুমার বিশ্বাস। আলোচক ছিলেন করুণাময় গোস্বামী, রশীদ হায়দার, লিয়াকত আলী। পরে একক সংগীত পরিবেশন করেন খিলখিল কাজী, সালাউদ্দিন আহমেদ, খায়রুল আনাম শাকিল, রেবেকা সুলতানা, শারমিন সাথী ইসলাম, ইয়াকুব আলী খান, ইয়াসমিন মুশতারী, নাসিমা শাহীন প্রমুখ। দলীয় সংগীত পরিবেশন করে একাডেমীর রেপার্টরি গ্রুপ (সংগীত), নজরুলসংগীত শিল্পী পরিষদ ও নজরুলসংগীত শিল্পী সংস্থা। সমবেত নৃত্য পরিবেশন করে একাডেমীর রেপার্টরি গ্রুপ (নৃত্য), নটরাজ ও নৃত্যালোক সাংস্কৃতিক সংগঠন। আবৃত্তি করেন হাসান আরিফ, ডালিয়া আহমেদ, ঝর্ণা সরকার ও আহ্কামউল্লাহ্।

ছায়ানট: ছায়ানটের দুই দিনের নজরুল উৎসব শেষ হয়েছে গতকাল। এদিনের আয়োজনে ছিল একক ও দলীয় সংগীত, নৃত্য এবং আবৃত্তি। ছায়ানট শিক্ষার্থীদের কণ্ঠে ‘চল রে চপল’ ও ‘সবুজ শোভার ঢেউ খেলে যায়’ এই দুটি গান দিয়ে শুরু হয় এদিনের আয়োজন। নজরুলের বিভিন্ন পর্যায়ের গান পরিবেশন করেন ফাতেমা-তুজ-জোহরা, যোসেফ কমল রড্রিক্স, রাহাত আরা গীতি, বিজন চন্দ্র মিস্ত্রী, শেখর মণ্ডল, মাহ্মুদুল হাসান, সেলিনা হোসেন, লতিফুন জুলিও প্রমুখ। আবৃত্তি করেন জহিরুল হক খান ও কাজী মদিনা। মুনমুন আহমেদ একক এবং ছায়ানটের নৃত্য বিভাগের শিল্পীরা দলীয় নৃত্য পরিবেশন করেন। ছায়ানটের শিল্পীদের কণ্ঠে ‘নাহি নাহি ভয়’ পরিবেশনার মধ্য দিয়ে শেষ হয় এ আয়োজন।

চ্যানেল আই নজরুল মেলা: চ্যানেল আই নজরুল মেলায় আজীবন সম্মাননায় ভূষিত হলেন সংগীতজ্ঞ মুস্তাফা জামান আব্বাসী। গতকাল চ্যানেল আই আয়োজিত অষ্টম নজরুল মেলায় তাঁকে এই সম্মাননা দেওয়া হয়। এর আগে রঙিন বেলুন উড়িয়ে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সংগীতজ্ঞ সুধীন দাশ, মুস্তাফা নূরউল ইসলাম, মুস্তাফা জামান আব্বাসী, রাশেদা কে. চৌধূরী, আসমা আব্বাসী, গাজী মাজহারুল আনোয়ার, কবি মুহাম্মদ নুরুল হুদা, নাশিদ কামাল, ফেরদৌস আরা, খায়রুল আনাম শাকিল, চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগরসহ আরও অনেকে।

মেলামঞ্চে ছিল গান, নাচ, আবৃত্তি। মেলামঞ্চের ডান পাশে খোলা ছবি আঁকেন প্রবীণ ও নবীন শিল্পীরা। আবৃত্তি করেন সৈয়দ হাসান ইমাম।

বন্ধুসভার আয়োজন: নজরুলজয়ন্তী উপলক্ষে প্রথম আলো বন্ধুসভা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। প্রথম আলো কার্যালয়ে আয়োজিত এই অনুষ্ঠানে অংশ নেন ঢাকা মহানগরের বিভিন্ন বন্ধুসভার বন্ধুরা। বন্ধুসভার নির্বাহী সভাপতি সাইদুজ্জামানের উপস্থাপনায় অনুষ্ঠানে গান গেয়ে শোনান দেবলিনা সুর দোলা ও জয়ন্তী চাকমা। আবৃত্তি করেন রবিশংকর মৈত্রী, হাসান ইমাম ও হুর এ জান্নাত। নৃত্য পরিবেশন করেন সাঈদ আহমেদ। আলোচনা করেন শাহিন মাহফুজ, শোভন সাহা, অনির্বাণ, অনিক সাহা, সৈয়দ মনির, তাসনুভা অরিণসহ আরও অনেকে।

ত্রিশালে তিন দিনব্যাপী অনুষ্ঠানমালার উদ্বোধন: ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি জানান, নজরুলের ভক্ত-অনুরাগীদের পদচারণে মুখরিত কবির স্মৃতিধন্য দরিরামপুর। বসেছে নজরুল বই ও গ্রামীণ মেলা। স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর গতকাল ময়মনসিংহের ত্রিশালের দরিরামপুর নজরুল মঞ্চে তিন দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন করেন। জেলা প্রশাসক মোস্তাকীম বিল্লাহ ফারুকীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. ক্যাপ্টেন (অব.) মজিবুর রহমান ফকির, সাংসদ মতিউর রহমান, সাংসদ রেজা আলী, সাংসদ এম আমান উল্লাহ প্রমুখ। নজরুল সঞ্চারক বক্তা ছিলেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য খোন্দকার আশরাফ হোসেন। এর আগে সকালে পৌর মেয়র এ বি এম আনিসুজ্জামানের নেতৃত্বে পৌর ভবনের সামনে থেকে শোভাযাত্রা বের হয়।

এদিকে নজরুল ইসলামের জন্মবার্ষিকী উপলক্ষে আগামী রোববার ময়মনসিংহ সদর, ত্রিশাল ও মুক্তাগাছা উপজেলা হরতালের আওতামুক্ত বলে জানিয়েছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু ওয়াহাব আকন্দ।

নড়াইলে নানা আয়োজন: নড়াইল প্রতিনিধি জানান, ‘শুভ্র সমুজ্জ্বল হে চির নির্মল’ গানের মধ্য দিয়ে গতকাল শিল্পকলা একাডেমী মিলনায়তনে শুরু হয় নজরুলজয়ন্তীর অনুষ্ঠান। নজরুল একাডেমী, গ্রেভ শিল্পী গোষ্ঠী ও বাপ্পী স্মৃতি সংগীত একাডেমি যৌথভাবে আলোচনা সভা, নজরুলসংগীত প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক জহুরুল হক।