জন্মদিনে কবীর চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা
জন্মদিনে ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন শিক্ষাবিদ ও জাতীয় অধ্যাপক কবীর চৌধুরী। গতকাল মঙ্গলবার ছিল তাঁর ৮৮তম জন্মদিন। তাঁকে শুভেচ্ছা জানাতে বিশিষ্ট নাগরিক, লেখক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সুধীজনেরা গতকাল তাঁর নয়াপল্টনের বাসায় ভিড় করেন। তাঁদের ফুলেল শুভেচ্ছায় আপ্লুত হয়ে পড়েন কবীর চৌধুরী। এ ছাড়া একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি, মৌলবাদ ও সাম্প্রদায়িকতাবিরোধী দক্ষিণ এশীয় গণসম্মিলন, মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণ কেন্দ্র, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট, সংস্কৃতিবিষয়ক প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন, বাংলাদেশ কর্মসংস্থান সংস্থা, বাংলা-জার্মান সম্প্রীতি, কেন্দ্রীয় খেলাঘর আসর, ন্যাশনাল ফাইন্যান্স লিমিটেড, এশিয়ান ইউনিভার্সিটিসহ বিভিন্ন সংগঠনের পক্ষে কবীর চৌধুরীকে শুভেচ্ছা জানানোসহ তাঁর দীর্ঘায়ু কামনা করা হয়।জন্মবার্ষিকীতে কবীর চৌধুরী ধর্মীয় মৌলবাদ ও সাম্প্রদায়িকতাবিরোধী আন্দোলন এবং মানুষের অধিকার আদায়ের সংগ্রামে আজীবন কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি বলেন, ‘একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির চ্যালেঞ্জ অনুযায়ী ঘাতক নিজামী, মুজাহিদী ও সাঈদীদের মতো দুর্বৃত্তদের মোকাবিলা করতে না পারলে আমরা এগোতে পারব না।’দেশের প্রগতিশীল আন্দোলনের এই অগ্রসৈনিককে জন্মদিনের শুভেচ্ছা জানাতে এসে সাবেক বিচারপতি গোলাম রাব্বানী বলেন, মৌলবাদ ও সাম্প্রদায়িকতামুক্ত স্বপ্নের বাংলাদেশ গড়ার জন্যই কবীর চৌধুরী জীবনের বেশির ভাগ সময় অতিবাহিত করেছেন। এটা বাঙালি জাতির হাজার বছরের স্বপ্ন।ঘাতক দালাল নির্মূল কমিটির ভারপ্রাপ্ত সভাপতি শাহরিয়ার কবির বর্ষীয়ান এই শিক্ষাবিদকে শুভেচ্ছা জানিয়ে বলেন, ১৮ বছর আগে শহীদ জননী জাহানারা ইমামের নেতৃত্বে যুদ্ধাপরাধী, মৌলবাদ ও জঙ্গিবাদের বিচারের দাবিতে যে আন্দোলনের যাত্রা শুরু হয়েছিল তার অগ্রসৈনিক ছিলেন কবীর চৌধুরী। তিনি জীবন বাজি রেখে দেশের সব প্রগতিশীল আন্দোলনে অবদান রেখেছেন।প্রবীণ এই শিক্ষাবিদের জন্মবার্ষিকীতে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল দুপুরে প্রধানমন্ত্রীর পক্ষে শুভেচ্ছাবার্তা ও পুষ্পস্তবক কবীর চৌধুরীকে পৌঁছে দেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ওবায়দুল কাদের। তাঁর সঙ্গে ছিলেন কৃষক লীগের নেতা এম এ করিম ও আওয়ামী লীগের নেতা এনামুল হক।