জন্মদিনে গানে কথায় ম্যান্ডেলাকে শ্রদ্ধা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জন্মদিনে আলোচনা আর গানে গানে শ্রদ্ধা ও ভালোবাসা জানানো হলো দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলাকে। তাঁর ৯৪তম জন্মবার্ষিকী উপলক্ষে গতকাল বুধবার বিকেলে মুক্তিযুদ্ধ জাদুঘরে এ আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে ঋষিজ শিল্পীগোষ্ঠী।আলোচনায় অংশ নিয়ে বিশেষ অতিথি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান বলেন, ‘নেলসন ম্যান্ডেলা সাধারণ কৃষ্ণাঙ্গ মানুষের জন্য এক অকুতোভয় সংগ্রাম চালিয়ে গেছেন। ২৮ বছর কারারুদ্ধ রাখার পরও অত্যাচারী শাসক তাঁকে টলাতে পারেনি। মুক্তি পাওয়ার পর তিনি কোনো ধরনের প্রতিশোধ নেননি। এই মহান নেতার জীবন আমাদের সবার জন্য আদর্শ।’ম্যান্ডেলাকে ‘গোটা বিশ্বের জন্য মডেল’ আখ্যায়িত করে বিশেষ অতিথি পররাষ্ট্রসচিব মিজারুল কায়েস বলেন, ‘তিনি সারা জীবন মানবসভ্যতার জয়গান গেয়েছেন।’বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, ‘ম্যান্ডেলা সর্বকালের মানুষের মুক্তির নেতা হিসেবে পরিচিত হয়েছেন। তাঁর মাধ্যমেই গোটা আফ্রিকায় জাগরণের সূচনা হয়।’অনুষ্ঠানে আরও বক্তব্য দেন মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি সাংস্কৃতিক ব্যক্তিত্ব মফিদুল হক, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সহসভাপতি গোলাম কুদ্দুছ এবং ঋষিজ শিল্পীগোষ্ঠীর সভাপতি শিল্পী ফকির আলমগীর।আলোচনা অনুষ্ঠানের পরে ঋষিজ শিল্পীগোষ্ঠী পরিবেশন করে ‘জয় জয় জয় টু ম্যান্ডেলা’, ভয় কী মরণে’ গান দুটি। এ ছাড়া ক্রান্তি শিল্পীগোষ্ঠী গায় ‘দীর্ঘজীবী হোক ম্যান্ডেলা’, ‘বিদ্রোহ চারদিকে’। ফকির আলমগীর গেয়ে শোনান ‘কালো কালো মানুষের দেশে’।সবশেষে নেলসন ম্যান্ডেলার ওপর একটি তথ্যচিত্র পরিবেশন করা হয়।