জন্মদিনে চারটি কেক কাটলেন খালেদা জিয়া
রোববার রাত ১২টা ১ মিনিটে কেক কেটে খালেদা জিয়ার ৬৭তম জন্মদিন উদ্যাপন করেছে বিএনপি। চেয়ারপারসনের জন্মদিন উদ্যাপনে মধ্যরাতে গুলশান কার্যালয়ে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা সমবেত হন। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের পক্ষ থেকে খালেদা জিয়াকে জন্মদিনের শুভেচ্ছা জানান।গুলশান কার্যালয়ে রাত ১২টা ১ মিনিটে খালেদা জিয়া প্রথমে মহানগর বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের নেওয়া ৬৭ পাউন্ড ওজনের দুটি কেক কাটেন। এরপর বিএনপি কেন্দ্রীয় কমিটি ও ছাত্রদলের পক্ষ থেকেও দুটি কেক কাটেন তিনি। খালেদা জিয়া কেকগুলো এতিমখানায় পাঠিয়ে দেন। কেক কাটার পর বিএনপির চেয়ারপারসন একটি বইয়ের মোড়ক উন্মোচন করেন। বইটির নাম মাতৃস্নেহে বাংলাদেশ। বইটিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এমাজ উদ্দীন আহমদ, মনিরুজ্জামান মিঞা, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সাদেক হোসেন খোকা ও সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালের লেখা কয়েকটি প্রবন্ধ রয়েছে। কার্যালয়ের ভেতরে কেন্দ্রীয় নেতাদের সঙ্গে জন্মদিনের শুভেচ্ছা বিনিময়ের পর খালেদা জিয়া কার্যালয়ের ফটকে দাঁড়িয়ে কর্মীদের ফুলেল শুভেচ্ছা গ্রহণ করেন। এ সময় তাঁরা করতালি ও স্লোগান দেন।