জন্মদিনে ভালোবাসায় সিক্ত মণি ও মুক্তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা শিশু হাসপাতালে ২০১০ সালে সফল অস্ত্রোপচারের মাধ্যমে আলাদা করা জোড়া লাগানো যমজ শিশু মণি ও মুক্তার ষষ্ঠ জন্মদিন ছিল গতকাল শনিবার। দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার শতগ্রাম পালপাড়া গ্রামের নিজ বাড়িতে দিনব্যাপী পূজা-অর্চনা ও কেক কাটার মধ্য দিয়ে দুই বোনের জন্মদিন উদ্‌যাপন করা হয়।

মণি ও মুক্তার বাবা জয়প্রকাশ পাল প্রথম আলোকে বলেন, ২০০৯ সালের ২২ আগস্ট শরীরের পৃষ্ঠদেশ জোড়া লাগানো অবস্থায় পার্বতীপুর ল্যাম্ব হাসপাতালে মণি-মুক্তার জন্ম হয়। ২০১০ সালের জানুয়ারি মাসে জোড়া শিশুর ছবিসহ প্রথম আলোয় প্রতিবেদন প্রকাশিত হয়। এরপর ঢাকা শিশু হাসপাতাল, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের শিশু সার্জারি বিভাগের চিকিৎসকেরা প্রথম আলোর মাধ্যমে শিশুদের নানার সঙ্গে যোগাযোগ করেন। পরে প্রথম আলোর দিনাজপুর প্রতিনিধির পরামর্শ অনুযায়ী জোড়া শিশুদের ঢাকা শিশু হাসপাতালে অধ্যাপক এম আর খানের অধীনে ভর্তি করানো হয়। ৮ ফেব্রুয়ারি এম আর খানের নেতৃত্বে একদল বিশেষজ্ঞ চিকিৎসক সফল অস্ত্রোপচারের মাধ্যমে মণি-মুক্তাকে পৃথক করেন।

মণি-মুক্তার মা কৃষ্ণা রাণী পাল বলেন, আজ (গতকাল) শনিবার ওদের বয়স ছয় বছর পূর্ণ হলো। শতগ্রাম পালপাড়া ব্র্যাক স্কুলে প্রথম শ্রেণিতে পড়ছে দুজনে।

ঢাকা শিশু হাসপাতালের সার্জারি বিভাগের প্রধান এম আর খান মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘তিন দিন আগে মণি-মুক্তার মা আমাকে ফোন করেছিলেন। শিশুদের জন্মদিনে যাওয়ার জন্য নিমন্ত্রণ জানিয়েছেন। মণি-মুক্তার সঙ্গেও কথা বলেছি। ওরা বেশ পুট পুট করে কথা বলেছে। ওদের জন্য দোয়া ও শুভেচ্ছা দিয়েছি আমি।’