জন্মদিনে লাশ হয়ে ফিরল শিশু নয়ন
খুলনার বটিয়াঘাটা উপজেলার ঘোলা গ্রাম থেকে গত রোববার রাতে অপহূত হয় পাঁচ বছরের শিশু নয়ন। সোমবার রাতে পার্শ্ববর্তী কৈয়া নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়। সোমবার ছিল নয়নের জন্মদিন।পুলিশ ও নিহত নয়নের পারিবারিক সূত্রে জানা গেছে, ঘোলা গ্রামের ট্রলিচালক ইউনুছ শেখের একমাত্র ছেলে নয়ন (৫)। রোববার সন্ধ্যার পর সে নিজ বাড়িতে খাটের ওপর ঘুমিয়ে পড়ে। এ সময় তার মা পাশের বাড়িতে যান এবং বাবা ইউনুছ ছিলেন কৈয়া বাজারে। রাত নয়টার দিকে মা বাড়িতে ফিরে দেখেন, নয়ন বিছানায় নেই। মায়ের চিত্কারে আশপাশের বাড়ির লোকজন জড়ো হয়। তারা অনেক খোঁজাখুঁজি করেও ওই রাতে নয়নের সন্ধান পায়নি। সোমবার সন্ধ্যায় কৈয়া নদীতে জেগে ওঠা ঘাসের মধ্যে নয়নের লাশ পাওয়া যায়। তার শরীরে আঘাতের চিহ্ন ও গলায় ফাঁসের দাগ রয়েছে।সোমবারই ছিল নয়নের পঞ্চম জন্মবার্ষিকী। একমাত্র শিশুপুত্র জন্মদিনে লাশ হয়ে ফেরায় তার মা-বাবা কান্নায় ভেঙে পড়েন।