জন্মদিনে শুভেচ্ছায় সিক্ত বিচারপতি মোস্তাফা কামাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৮১ বছরের বর্ণাঢ্য জীবন সাবেক প্রধান বিচারপতি মোস্তাফা কামালের। মৃত্যুর পর স্মরণসভা নয়, তিন মেয়ের ইচ্ছা ছিল জীবদ্দশাতেই বাবার জীবন উদ্যাপন করার। সে উদ্দেশ্যেই প্রকাশিত হলো তাঁর জীবন ও কর্মের নানা দিক নিয়ে বই চির উন্নত মম শির৷ বইটি সম্পাদনা করেছেন তাঁর বড় মেয়ে সংগীতশিল্পী নাশিদ কামাল।
গতকাল শুক্রবার সন্ধ্যায় গুলশানের স্পেকট্রা কনভেনশন হলে আয়োজিত হয় বইটির প্রকাশনা অনুষ্ঠান। মোস্তাফা কামালের পরিবারের পক্ষ থেকে আয়োজিত এ অনুষ্ঠানে বিচারপতি সৈয়দ রিফাত আহমেদ বইটির ওপর সংক্ষিপ্ত আলোচনা করেন।
ফুল ও শুভকামনা নিয়ে মরমি শিল্পী আব্বাসউদ্দীনের এই ছেলেকে শুভেচ্ছা জানাতে দর্শকসারিতে উপস্থিত ছিলেন আইন ও সংস্কৃতি অঙ্গনের নানা গুণীজন। দর্শকসারিতে তাঁদের মধ্যে ছিলেন সাবেক প্রধান বিচারপতি এ টি এম আফজাল, সাবেক প্রধান বিচারপতি লতিফুর রহমান, সাবেক প্রধান তথ্য কমিশনার মুহাম্মদ জমির, বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান, শিক্ষাবিদ বদরুদ্দীন উমর প্রমুখ। এ সময় আব্বাসউদ্দীনের অপর দুই সন্তান মুস্তাফা জামান আব্বাসী ও ফেরদৌসী রহমান ছাড়াও উপস্থিত ছিলেন পরিবারের অন্য সদস্যরা।
প্রকাশনা অনুষ্ঠানে প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেন বলেন, বিচারপতি মোস্তাফা কামালকে প্রথমে শিক্ষক, পরে আইনজীবী ও বিচারপতি হিসেবে দেখার সুযোগ হয়েছে। একটি মামলার রায়ে বিচার বিভাগ পৃথক্করণ বিষয়ে তিনি তাঁর দিকনির্দেশনা দিয়েছিলেন। পরবর্তী সময়ে সেটা বাস্তবরূপ পেয়েছে৷
আর অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, ‘মোস্তাফা কামালের সঙ্গে ৬০ বছরের সম্পর্কে জমা হয়েছে বহু স্মৃতি। একই পরিবারের মানুষ বলা যেতে পারে আমাদের।’
এ ছাড়া অন্যান্যের মধ্যে ব্যারিস্টার রফিক-উল হক বলেন, পেশাগত সম্পর্কের চেয়ে মোস্তাফা কামালের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক বেশি। পারিবারিকভাবে তাঁর সঙ্গে ঘনিষ্ঠভাবে মেশার সুযোগ হয়েছে। ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান বলেন, মোস্তাফা কামাল সংস্কৃতি, আইন পেশা ও বিচারকার্য ক্ষেত্রে অবদান রেখেছেন। ন্যায় প্রতিষ্ঠাকে তিনি জীবনব্রত হিসেবে নিয়েছেন। চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার বলেন, মোস্তাফা কামাল অনেক বড় মাপের মানুষ। তাঁর অসাধারণ বক্তৃতা দেওয়ার ক্ষমতা মানুষকে মোহিত করে।
অনুষ্ঠানের মধ্যমণি বিচারপতি মোস্তাফা কামাল বলেন, ‘বিচারকেরা নিভৃতে তাঁদের কাজ করে যান। যে অর্থে লেখক বা সংগীতশিল্পীরা জনপ্রিয়, বিচারপতিরা তেমন জনপ্রিয় নন। বিদেশে তাঁদের জীবন ও কাজ সবার সামনে নিয়ে আসতে অবসরে যাওয়ার পরপরই বহু বই প্রকাশিত হয়৷ আমার ক্ষেত্রে সেটি হবে, সে প্রত্যাশা ছিল না৷ এখন কেবল একটাই প্রার্থনা, শেষদিন পর্যন্ত সম্মান ও ইমান নিয়ে বেঁচে থাকতে চাই।’
চির উন্নত মম শির বইটিতে স্থান পেয়েছে তাঁর ওপর লেখা ৩১টি বাংলা ও ইংরেজি প্রবন্ধ। সঙ্গে আছে তাঁর পারিবারিক ও কর্মজীবনের বিভিন্ন ছবি। আছে তাঁর একটি সাক্ষাৎকারও। ২২২ পৃষ্ঠার এ বইটি প্রকাশ করেছে প্রোব পাবলিশার্স।