জন্মদিনে ১১টি মোমবাতি জ্বালিয়ে তনুকে স্মরণ

সোহাগী জাহান তনুর ১৯তম জন্মদিন ছিল গতকাল বৃহস্পতিবার। কলেজে ভর্তি হওয়ার পর গত বছর তাঁর জন্মদিন পালন করেছিল ভিক্টোরিয়া কলেজ থিয়েটার। গতকালও থিয়েটারের সদস্যরা একত্র হয়েছেন, তবে কেক কেটে জন্মদিন পালন করতে নয়, বিচারের দাবি নিয়ে। তাঁরা সন্ধ্যায় কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ শহীদ মিনারে ১১টি মোমবাতি জ্বালিয়ে সহশিল্পী তনুকে স্মরণ করেন।
ভিক্টোরিয়া কলেজ থিয়েটারের প্রতিষ্ঠাতা সভাপতি আনোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, তাঁরা থিয়েটারের সব সদস্যের জন্মদিনই জাঁকজমকভাবে পালন করেন। গত বছরের ৩১ মার্চ তনুর জন্মদিনও সেভাবে পালন করেছিলেন। কিন্তু এবার তনু আর নেই। ১১ দিন আগে নৃশংসভাবে খুন হয়েছেন। সে কারণে তাঁরা ১১টি মোমবাতি জ্বালিয়ে তনুকে স্মরণ করেছেন। একই সঙ্গে চেয়েছেন খুনিদের গ্রেপ্তার ও বিচার।
আনোয়ার হোসেন বলেন, ‘এখন পর্যন্ত তদন্তের নামে যা হচ্ছে, সবই সান্ত্বনামূলক বলে মনে হচ্ছে। আমরা সান্ত্বনামূলক কিছু চাই না। আমরা চাই বিচার। আমরা আসল খুনিকে দেখতে চাই।’
ভিক্টোরিয়া কলেজের শহীদ মিনারকে এর আগে ‘তনুমঞ্চ’ ঘোষণা করেন আন্দোলনরত ছাত্রছাত্রী ও থিয়েটারের কর্মীরা। তাঁরা প্রতিদিন বিচারের দাবিতে এখানে জড়ো হয়ে বিক্ষোভ করেন। গতকাল সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। বিক্ষোভ থেকে ৭২ ঘণ্টার সময়সীমা বেঁধে দেন তাঁরা। ওই সময়ের মধ্যে খুনিদের শনাক্ত করতে না পারলে তাঁরা কঠোর আন্দোলনে যাবেন বলে হুঁশিয়ারি দেন।
গতকাল মুঠোফোনে তনুর বাবা ইয়ার হোসেন বলেছিলেন, ‘ছোটবেলায় জন্মদিনে তনুর অনেক বায়না থাকত। সাধ্যমতো তা মেটানোর চেষ্টা করতাম। এখন তো সব শেষ।’ তাঁর জন্য দোয়া করেই ১৯তম জন্মদিন পার করছেন বলে জানালেন তিনি।