জন্মদিনের আগে বসছে বিপ্লবীর আবক্ষ মূর্তি

বিপ্লবী বিনোদ বিহারী চৌধুরীর আবক্ষ মূর্তি স্থাপন করতে যাচ্ছে চট্টগ্রাম সিটি করপোরেশন। ব্রিটিশবিরোধী আন্দোলনের নেতা মাস্টারদা সূর্য সেনের অন্যতম সহযোগী এই বিপ্লবীর বাড়ির ১০০ গজের মধ্যেই আন্দরকিল্লা মোড়ে ভাস্কর্যটি স্থাপিত হবে। ১০ জানুয়ারি বিনোদ চৌধুরীর জন্মদিনের আগেই আবক্ষ মূর্তিটি স্থাপনের ব্যাপারে আশাবাদী সংশ্লিষ্ট ব্যক্তিরা।
সিটি করপোরেশনের মেয়র মন্জুর আলম প্রথম আলোকে বলেন, ‘ব্রিটিশবিরোধী আন্দোলনে তাঁর অবদানের কথা স্মরণ করে আবক্ষ ভাস্কর্য স্থাপনে নীতিগত সিদ্ধান্ত নিয়েছি। এ ভাস্কর্য স্থাপনে নাগরিক সমাজের পক্ষ থেকেও অনুরোধ করা হয়েছে।’
সিটি করপোরেশন সূত্র জানায়, বাংলাদেশ হিন্দু ফাউন্ডেশন গত ১২ অক্টোবর চট্টগ্রামের কৃতী সন্তান বিপ্লবী বিনোদ বিহারী চৌধুরীর আবক্ষ ভাস্কর্য স্থাপনের জন্য সিটি মেয়রকে অনুরোধ জানায়।
বাংলাদেশ হিন্দু ফাউন্ডেশন সূত্রে জানা গেছে, ভাস্কর্য নির্মাণের জন্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক সৌমেন দাশ ও প্রণব মিত্র চৌধুরীকে দায়িত্ব দেওয়া হয়েছে। আবক্ষ মূর্তির নকশা অনুমোদন করেছে চট্টগ্রামের লেখক সাংবাদিক, আইনজীবীদের সমন্বয়ে গঠিত একটি কমিটি। সৌমেন দাশ বলেন, ‘আগামী ১০ জানুয়ারির মধ্যেই কাজ শেষ হবে বলে আশাবাদী।’
ব্রিটিশবিরোধী আন্দোলনের মহানায়ক মাস্টারদা সূর্য সেনের আবক্ষ মূর্তি রয়েছে নগরের ঐতিহ্যবাহী জে এম সেন হল প্রাঙ্গণে। আর সিটি করপোরেশনের অর্থায়নে নগরের পাহাড়তলী রেলওয়ে স্কুলের সামনে স্থাপন করা হয় প্রীতিলতার আবক্ষ মূর্তি।
মাস্টারদার শেষ প্রতিনিধি এই বিপ্লবী জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আন্দোলন-সংগ্রামে সক্রিয় ছিলেন। ভারতে চিকিৎসাধীন অবস্থায় ২০১৩ সালের ১০ এপ্রিল মৃত্যু হয় ১০৩ বছর বয়সী বিপ্লবীর।