জন্মদিনের কথা বলে ফাঁদে ফেলা হয় দুই ছাত্রীকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শাফাত আহমেদ,সাদমান সাকিফ,নাঈম আশরাফ,বিল্লাল হোসেন ও রহমত আলী
শাফাত আহমেদ,সাদমান সাকিফ,নাঈম আশরাফ,বিল্লাল হোসেন ও রহমত আলী

জনমতের চাপে মামলা নেওয়ার এক মাসের মাথায় বনানীতে দুই বিশ্ববিদ্যালয় ছাত্রী ধর্ষণের বহুল আলোচিত মামলার অভিযোগপত্র দিয়েছে পুলিশ। এতে আপন জুয়েলার্সের মালিক দিলদার আহমেদের ছেলে শাফাত আহমেদ ও তাঁর বন্ধু নাঈম আশরাফ ওরফে আবদুল হালিমের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনা হয়েছে। এ ছাড়া শাফাতের বন্ধু সাদমান সাকিফ, গাড়িচালক বিল্লাল হোসেন ও তাঁর দেহরক্ষী রহমত আলীর বিরুদ্ধে ধর্ষণে সহায়তার অভিযোগের প্রমাণ পেয়েছে পুলিশ।

গতকাল বৃহস্পতিবার এই মামলার অভিযোগপত্র ঢাকার মহানগর হাকিমের আদালতে দেওয়া হয়। তবে ঘটনাস্থল বনানীর রেইনট্রি হোটেলের কাউকে অভিযুক্ত করা হয়নি। হোটেলটির মালিক ঝালকাঠির সরকারদলীয় সাংসদ বজলুল হক হারুন ও তাঁর পরিবারের সদস্যরা।

মামলার অভিযোগপত্রে বলা হয়, জন্মদিনের পার্টির কথা বলে গত ২৮ মার্চ রাতে বনানীর রেইনট্রি হোটেলে ডেকে নিয়ে বিশ্ববিদ্যালয় পড়ুয়া দুই তরুণীকে ধর্ষণ করেন শাফাত ও তাঁর বন্ধু নাঈম আশরাফ।

ঘটনার ৪০ দিন পর দুই তরুণী বনানী থানায় মামলা করতে গেলে মামলা না নিয়ে তাঁদের হয়রানি করে পুলিশ। এ ঘটনা গণমাধ্যমে প্রকাশিত হলে হইচই পড়ে যায়। সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনা হয়। এরপর পুলিশ মামলা নিলেও আসামি গ্রেপ্তারে গড়িমসি শুরু করে। বনানী থানার ওসি ফরমান আলী আসামিপক্ষের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিয়েছেন বলেও অভিযোগ আসে সংবাদমাধ্যমে। পরে পুলিশের তদন্ত কমিটির প্রতিবেদনে বলা হয়, ধর্ষণের ঘটনায় মামলা নিতে, ধর্ষণের শিকার দুই তরুণীর সঙ্গে আচরণে এবং আসামিদের গ্রেপ্তারে থানা-পুলিশের গাফিলতি নয়, ‘ব্যত্যয়’ ছিল।

এদিকে থানায় মামলা হওয়ার পাঁচ দিন পর গত ১১ মে সিলেট থেকে শাফাত ও সাদমানকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর ১৫ মে শাফাতের গাড়িচালক বিল্লাল ও দেহরক্ষী রহমত ঢাকায় গ্রেপ্তার হন। সবশেষে ১৭ মে মুন্সিগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয় নাঈম আশরাফকে, যিনি সেখানে এক আত্মীয়ের বাড়িতে লুকিয়ে ছিলেন। এই পাঁচজনের মধ্যে গাড়িচালক বিল্লাল ছাড়া বাকি চার আসামিই নিজেদের দায় স্বীকার করে আদালতের হাকিমের কাছে জবানবন্দি দেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের চিকিৎসকেরা মেডিকেল পরীক্ষায় ধর্ষণের আলামত না পাওয়ার কথা জানান।

মামলাটি তদন্ত করেন ভিকটিম সাপোর্ট সেন্টারের পরিদর্শক ইসমত আরা এমি। সেন্টারের উপকমিশনার ফরিদা ইয়াসমিন প্রথম আলোকে বলেন, শাফাত ও নাঈম ধর্ষণে সরাসরি অংশ নেন এবং বাকি তিনজন তাঁদের সহযোগিতা করেন বলে অভিযোগপত্রে বলা হয়েছে।

মামলার আসামিরা হলেন আপন জুয়েলার্সের অন্যতম মালিক দিলদার আহমেদের ছেলে শাফাত আহমেদ, তাঁর বন্ধু ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান ‘ই-মেকার্স’-এর কর্মকর্তা নাঈম আশরাফ, ঢাকার পিকাসো রেস্তোরাঁর অন্যতম মালিক ও রেগনাম গ্রুপের এমডি মোহাম্মদ হোসেন জনির ছেলে সাদমান সাকিফ এবং শাফাতের গাড়িচালক বিল্লাল হোসেন ও দেহরক্ষী রহমত আলী।

অভিযোগপত্রে বলা হয়, গত ২৮ মার্চ দুই তরুণী বনানীর রেইনট্রি হোটেলে ধর্ষণের শিকার হন। এ ঘটনার ১০-১৫ দিন আগে তেজগাঁও লিংক রোডের পিকাসো রেস্তোঁরায় তাঁদের আলাপ-পরিচয় হয়। এরপর থেকে প্রায়ই বাদিনীর সঙ্গে টেলিফোনে আসামি শাফাত আহমেদের কথা হতো। এই আলাপ-আলোচনার মাঝে শাফাত তাঁর জন্মদিনে বাদিনীকে বান্ধবীসহ আসতে বলেন। শাফাতের গাড়িচালক বিল্লাল হোসেন ও দেহরক্ষী রহমত আলী আবাসিকএলাকানিকেতন থেকে দুই তরুণীকে গাড়িতে করে রেইনট্রি হোটেলে আনেন। এরপর চালক বিল্লাল হোসেন দুই তরুণীকে হোটেলের রুম পর্যন্ত পৌঁছে দেন। ওই দিন হোটেলে পার্টির কোনো পরিবেশ না দেখে তরুণীরা চলে যেতে চাইলে শাফাত ও তাঁর বন্ধুরা বাধা দেন। তাঁরা কেক কাটার পর যেতে বলেন। বাদিনীর বন্ধু শাহরিয়ার ও এক বান্ধবী এ সময় চলে যেতে চাইলে শাফাত ও নাঈম মারধর করেন শাহরিয়ারকে। তাঁরা শাহরিয়ারের গাড়ির চাবি ছিনিয়ে নিয়ে তাঁকে ও তাঁর বান্ধবীকে এক রুমে আটকে রাখেন। শাফাত তাঁদের ভয় দেখিয়ে বলেন, ‘পালাবি না।’ এরপর শাফাত আহমেদ বাদিনীকে এবং নাঈম আশরাফ বাদিনীর বান্ধবীকে ধর্ষণ করেন।

অভিযোগপত্রে বলা হয়, তদন্তে রেইনট্রি হোটেলের অতিথির তালিকা পর্যালোচনা করে দেখা যায়, আসামি শাফাত আহমেদ ও নাঈম আশরাফ পূর্বপরিকল্পিতভাবে ঘটনার আগের দিন ২৭ মার্চ পার্টির জন্য মদ এনে হোটেলকক্ষে রাখেন। শাফাত ও নাঈম আদালতে জবানবন্দি দিয়ে স্বীকার করেছেন, তাঁরা বাদিনী ও তাঁর বান্ধবীকে ধর্ষণ করেছেন। শাহরিয়ারকে মারধরের ঘটনা ভিডিও করেন গাড়িচালক বিল্লাল হোসেন। শাফাতের নির্দেশে বিল্লাল জন্মনিরোধক ওষুধ নিয়ে আসেন। শাফাত জোর করে সেই ট্যাবলেট দুই তরুণীকে খাওয়ানোর চেষ্টা করেন। বাদিনী না খেতে চাইলে শাহরিয়ারকে দিয়ে খাওয়ানোর চেষ্টা করেন। শাহরিয়ার তাতে রাজি না হলে তাঁকে শাফাত ও নাঈম মারধর করেন। এ ঘটনা বিল্লাল ভিডিও করেন।

অভিযোগপত্রে বলা হয়, ডিজিটাল ফরেনসিক পরীক্ষার মাধ্যমে মুছে ফেলা তিনটি ভিডিও উদ্ধার করা হয়। এর একটি ভিডিওতে একাধিক পুরুষের কথোপকথন শোনা যায়। তাতে একজন পুরুষকে হাতজোড় করে বসে থাকতে দেখা যায়।

অভিযোগপত্রে আসামি শাফাত ও নাঈম আশরাফের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(১) ধারা এবং ধর্ষণে সহায়তা করার অভিযোগে একই আইনের ৩০ ধারায় সাদমান সাকিফ, গাড়িচালক বিল্লাল হোসেন ও দেহরক্ষী রহমত আলীর বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়। অভিযোগপত্রে বাদীপক্ষে মোট ৪৭ জনকে সাক্ষী করা হয়েছে বলে উপকমিশনার আনিসুর রহমান জানান। ১৯ জুন এ মামলার নথি আদালতে উপস্থাপনের কথা রয়েছে।

তবে বহুল আলোচিত এই ধর্ষণের ঘটনা আর শুধু মামলার ভেতরেই সীমাবদ্ধ থাকেনি। দিলদার আহমেদের ব্যবসাপ্রতিষ্ঠান আপন জুয়েলার্স ও ঘটনাস্থল বনানীর রেইনট্রি হোটেলের বৈধতা খতিয়ে দেখতে তৎপরতা শুরু হয়। শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর আপন জুয়েলার্সের পাঁচটি বিক্রয়কেন্দ্র থেকে ১৫ মণ ১৩ কেজি স্বর্ণ জব্দ করে বাংলাদেশ ব্যাংকে জমা করে। শুল্ক গোয়েন্দাদের এই অভিযানের প্রতিবাদে সরব হয়ে ওঠেন বাংলাদেশ জুয়েলারি সমিতির নেতারা। তাঁরা কাল রোববার থেকে স্বর্ণ কেনাবেচা বন্ধ রাখার কর্মসূচি দিয়েছেন। এদিকে সরকার দেশে স্বর্ণ আমদানি উন্মুক্ত করে দেওয়ার পাশাপাশি এই শিল্পের জন্য নীতিমালা করার ঘোষণা দিয়েছে।