জন্মদিনের কেক কাটলেন খালেদা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দলীয় নেতাদের নিয়ে জন্মদিনের কেক কাটছেন খালেদা জিয়া। ছবি: মনিরুল আলম
দলীয় নেতাদের নিয়ে জন্মদিনের কেক কাটছেন খালেদা জিয়া। ছবি: মনিরুল আলম

নানা আয়োজনে বিএনপি চেয়ারপারসন ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার ৬৮তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে। বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা দলীয় চেয়ারপারসনের জন্মদিন উপলক্ষে আজ বৃহস্পতিবার দিনভর নানা কর্মসূচির আয়োজন করেন।
তবে রাত নয়টার দিকে বিএনপির গুলশান কার্যালয়ে কেক কাটেন খালেদা জিয়া। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এমাজউদ্দীন আহমদ, সাবেক প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি আবদুর রউফ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মাহবুব উল্লাহ, বিএনপির স্থায়ী কমিটির সদস্য জমিরউদ্দিন সরকার, আর এ গনি, খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকা প্রমুখ।
এ সময় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা ফুল নিয়ে শুভেচ্ছা জানাতে গুলশান কার্যালয়ের সামনে ভিড় করেন। তবে তাঁরা কেউ ভেতরে ঢুকতে পারেননি।
বিএনপির নেতৃত্বাধীন জোটের অন্যতম শরিক জামায়াতে ইসলামীর ডাকা ৪৮ ঘণ্টার হরতালের কারণে এবার খালেদা জিয়ার জন্মদিন উদযাপনের আনুষ্ঠানিকতায় কিছুটা ছন্দপতন ঘটেছে।

জন্মদিনের কেক কাটছেন খালেদা জিয়া। ছবি: মনিরুল আলম
জন্মদিনের কেক কাটছেন খালেদা জিয়া। ছবি: মনিরুল আলম

প্রতিবছর খালেদা জিয়া রাত ১২টা এক মিনিটে গুলশান কার্যালয়ে দলীয় নেতা-কর্মীদের নিয়ে কেক কেটে জন্মদিন উদযাপন করেন। কিন্তু হরতালের কারণে তিনি গতকাল তা করেননি। তবে আজ রাতে তিনি কেক কেটে তাঁর জন্মদিন উদযাপন করেন।
এদিকে জন্মদিন উপলক্ষে বিএনপির চেয়ারপারসনের গুলশানের বাসায় আজ সকালে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে তাঁর পরিবারের সদস্য ও ঘনিষ্ঠজনেরা উপস্থিত ছিলেন। এ ছাড়া বিদেশে অবস্থানরত খালেদা জিয়ার দুই ছেলে, পুত্রবধূ ও নাতনিরা তাঁকে টেলিফোনে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন।
খালেদা জিয়া ১৯৪৫ সালের এই দিনে দিনাজপুরে জন্মগ্রহণ করেন। অবশ্য তাঁর বাবার বাড়ি ফেনীতে। আজ তাঁর ৬৮তম জন্মবার্ষিকী বা ৬৯তম জন্মদিন।