চট্টগ্রাম সিটি করপোরেশনের সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলররা জন্মনিবন্ধন সনদ দেওয়ার ক্ষমতা চেয়েছেন। সিটি করপোরেশনের তৃতীয় সাধারণ সভায় এ দাবি জানান তাঁরা।
গতকাল রোববার নগর ভবনের কে বি আবদুচ ছত্তার মিলনায়তনে এ সভা হয়। এতে সভাপতিত্ব করেন সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন।
সিটি করপোরেশনের সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর আনজুমান আরা বেগম ও নীলু নাগ প্রথম আলোকে বলেন, সাধারণ ওয়ার্ড কাউন্সিলররা জন্মনিবন্ধন সনদ দিতে পারলেও তাঁরা তা পারেন না। তাই এ সনদ দেওয়ার ক্ষমতা দিতে গতকালের সাধারণ সভায় মেয়রের বরাবর দাবি জানানো হয়। মেয়র এ বিষয়ে তাঁদের স্থানীয় সরকার মন্ত্রণালয়ে যোগাযোগ করার পরামর্শ দেন।
সিটি করপোরেশনের সচিব রশিদ আহমদ বলেন, বর্তমানে অনলাইনে জন্মনিবন্ধন সনদ দেওয়া হয়। মেয়রের পক্ষে অনলাইনের পাসওয়ার্ড সংরক্ষণ করেন সাধারণ ওয়ার্ড কাউন্সিলররা। তাঁরাই জন্মনিবন্ধন সনদ দিতে পারেন।
এদিকে গতকালের সভায় মেয়র বলেন, ওয়ার্ড কাউন্সিলর ও প্রকৌশল বিভাগের সমন্বয়ে নগরের উন্নয়নে পঞ্চবার্ষিকী পরিকল্পনা প্রণয়ন করা হবে। কাউন্সিলরদের কাছ থেকে পাওয়া উন্নয়ন প্রস্তাবের ওপর ভিত্তি করে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি প্রকল্প বাস্তবায়ন করা হবে।