জন্মনিয়ন্ত্রণ বড়ি পাচার হচ্ছে মিয়ানমারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের উখিয়া উপজেলার অন্তত ১০টি সীমান্ত পয়েন্ট দিয়ে মিয়ানমারে পাচার হচ্ছে সরকারি হাসপাতালে বিনা মূল্যে বিতরণের জন্মনিয়ন্ত্রণ বড়ি। স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তি জন্মনিয়ন্ত্রণ বড়ি পাচার করে মিয়ানমার থেকে বাংলাদেশে নিয়ে আসছে চিংড়ি ও মাদকদ্রব্য।
অনুসন্ধানে জানা গেছে, প্রতিদিন সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে চোরাচালানিরা রিকশা ও ইজিবাইক (টমটম) নিয়ে ওষুধের চালান নিয়ে যায় বিভিন্ন সীমান্তে। এরপর নৌকা বোঝাই করে নাফ নদী অতিক্রম করে পৌঁছে দেওয়া হয় মিয়ানমারের মংডু শহরের বিভিন্ন দোকানে। বিশেষ করে উখিয়ার ডেইলপাড়া, হাতিমোড়া, করইবনিয়া, আঞ্জুমানপাড়া, রহমতেরবিল, বালুখালী, পালংখালী, আঞ্জুমানপাড়াসহ ১০টি পয়েন্ট দিয়ে প্রতিদিন লাখ লাখ টাকার ওষুধ পাচার হচ্ছে। সীমান্তরক্ষীদের হাতে মাঝেমধ্যে কিছু ওষুধ ধরা পড়লেও পাচারকারীরা ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে। চোরাচালানিরা বেশির ভাগ ওষুধ সংগ্রহ করে উপজেলার বিভিন্ন স্থানের দুই শতাধিক ফার্মেসি থেকে ।
বডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সূত্র জানায়, ১৬ মে সকালে কক্সবাজার-টেকনাফ সড়কের মরিচ্যা চেকপোস্টের বিজিবি সদস্যরা একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে তিন লাখ টাকার ওষুধ জব্দ করেন। ১৭ মে সকালে উপজেলার রাজাপালং ইউনিয়নের ফলিয়াপাড়ায় অভিযান চালিয়ে প্রায় ১৫ লাখ টাকার সাত লাখ ৪৪ হাজার জন্মনিয়ন্ত্রণের সুখী বড়ি উদ্ধার করেন। মরিচ্যা বিজিবি চেকপোস্টের সুবেদার ফজলুল হক এর সত্যতা নিশ্চিত করে বলেন, জব্দ করা ওষুধগুলো চোরাই পথে মিয়ানমারে পাচার করা হচ্ছিল। বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা আত্মগোপন করায় ধরা সম্ভব হয়নি। তবে এ ব্যাপারে তিন পাচারকারীর বিরুদ্ধে উখিয়া থানায় একটি ওষুধ পাচার মামলা করা হয়েছে। এ প্রসঙ্গে জানতে চাইলে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অংশা থোয়াই বলেন, ওষুধ পাচারকারীদের ধরার চেষ্টা চলছে।