জন্মনিয়ন্ত্রণ বড়ি কিনতে পুনরায় দরপত্র আহ্বানের পরামর্শ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরিকল্পনা মন্ত্রণালয়ের কেন্দ্রীয় ক্রয়সংক্রান্ত কারিগরি ইউনিট (সিপিটিইউ) ১৫ কোটি চক্র স্বল্পমাত্রার জন্মনিয়ন্ত্রণ বড়ি কিনতে পরিবার পরিকল্পনা অধিদপ্তরকে পুনরায় দরপত্র আহ্বান করতে বলেছে। আগে বড়ি সরবরাহের কাজ পাওয়া ভারতীয় প্রতিষ্ঠান ফেমি কেয়ারকে অযোগ্য ঘোষণা করতে বলেছে সিপিটিইউ।১১২ কোটি টাকার জন্মনিয়ন্ত্রণ বড়ি ক্রয়-প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলে অ্যাডমার্ক ইন্টারন্যাশনাল নামের ব্যবসায়িক প্রতিষ্ঠান গত ৭ মে সিপিটিইউতে আবেদন করে প্রতিকার চায়। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে সিপিটিইউয়ের তিন সদস্যের পর্যালোচনা দল (রিভিউ প্যানেল-১) ২ জুন সিদ্ধান্ত দিয়েছে।সিপিটিইউয়ের সিদ্ধান্ত সম্পর্কে জানতে চাইলে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক এ কে এম আমির হোসেন গত মঙ্গলবার প্রথম আলোকে বলেন, ‘সিপিটিইউয়ের সিদ্ধান্তের কাগজ আমরা পেয়েছি। আমরা মন্ত্রণালয়ের কাছে করণীয় জানতে চেয়েছি।’এ বিষয়ে স্বাস্থ্যসচিব এম এম নিয়াজউদ্দিন বলেন, ‘সিপিটিইউয়ের পুরো সিদ্ধান্ত পড়ে দেখার সময় পাইনি। তবে মন্ত্রণালয় এ বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেবে।’সিপিটিইউ বলেছে, অতীতে ফেমি কেয়ার বড়ি সরবরাহের সময় প্রতারণা করেছে। প্রতিষ্ঠানটির ক্ষতিসাধনের ইচ্ছা প্রমাণিত। এ ধরনের দুর্নীতিবাজ প্রতিষ্ঠানকে সুবিধা দেওয়া উচিত নয়।পরিবার পরিকল্পনা অধিদপ্তরের একাধিক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেছেন, পুনরায় দরপত্র আহ্বান করে বড়ি কিনতে প্রায় এক বছর সময় লাগবে। পরিবার পরিকল্পনা অধিদপ্তরের কেন্দ্রীয়, জেলা ও আঞ্চলিক গুদামে যে বড়ি আছে, তাতে ডিসেম্বর পর্যন্ত চলবে। শিগগিরই বড়ি না কিনলে ২০১৪ সালের জানুয়ারি থেকে জাতীয় জন্মনিয়ন্ত্রণ কর্মসূচিতে বড়ির সংকট দেখা দেবে।গত বছর আগস্টে ১৫ কোটি চক্র (এক চক্রে ২১টি বড়ি) স্বল্পমাত্রার জন্মনিয়ন্ত্রণ বড়ি কেনার জন্য দরপত্র আহ্বান করে পরিবার পরিকল্পনা অধিদপ্তর। অন্যান্য প্রতিষ্ঠানের সঙ্গে ভারতের ফেমি কেয়ার ও চীনের উবেই ইউসেন দরপত্রে অংশ নেয়। ফেমি কেয়ারের এ দেশি এজেন্ট ছিল জনতা ট্রেডার্স। আর উবেই ইউসেনের এ দেশি এজেন্ট ছিল অ্যাডমার্ক ইন্টারন্যাশনাল। বড়ি সরবরাহের কাজ পায় ফেমি কেয়ার।ভারতীয় কোম্পানি ফেমি কেয়ার ২০০০ সাল থেকে জাতীয় জন্মনিয়ন্ত্রণ কর্মসূচিতে বড়ি সরবরাহ করছে। কোম্পানির দুজন কর্মকর্তা এখন ঢাকায় অবস্থান করছেন। তাঁরা প্রথম আলোকে বলেছেন, সিপিটিইউতে ফেমি কেয়ার কোনো পক্ষ নয়। শুনানিতে ফেমি কেয়ারকে ডাকা হয়নি। পরিবার পরিকল্পনা অধিদপ্তর বা স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিদ্ধান্তের পর তাঁরা করণীয় ঠিক করবেন।সম্প্রতি স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রী মজিবুর রহমান ফকির ফেমি কেয়ারের বিরুদ্ধে অসদাচরণ ও প্রতারণার অভিযোগ তুলে পরিবার পরিকল্পনা অধিদপ্তর, ঔষধ প্রশাসন অধিদপ্তর ও দুর্নীতি দমন কমিশনে চিঠি দেন। প্রতিমন্ত্রী প্রথম আলোকে জানান, সঠিক তথ্যের ভিত্তিতে তিনি ওসব চিঠি দিয়েছিলেন।