জন্মবার্ষিকীতে কাইয়ুম চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নড়াইলের চিত্রা নদীতে ভেসে চলা বড় বড় নৌকার দিকে অপলক তাকিয়ে যাঁর শৈশব কেটেছে, তাঁর ছবিতে বাংলাদেশ আসবে, এটাই স্বাভাবিক। দীর্ঘ জীবনে তিনি ছবির মাধ্যমে শিল্পরসিক বাঙালিকে বাংলার রূপ, রস, গন্ধ দেখিয়েছেন। শুধু ক্যানভাসই নয়, বইয়ের প্রচ্ছদে ও অলঙ্করণেও সেই রূপকে তুলে এনেছেন তিনি, অবদান রেখেছেন বাঙালির শিল্পরুচি গঠনে। প্রায় ছয় দশকের অধিক সময় ধরে একাগ্র শিল্পচর্চায় আমাদের চারুকলার জগেক যিনি ক্রমাগত সমৃদ্ধ করেছেন, আমগ্ন নিষ্ঠাবান সাধনা দ্বারা অনুপ্রাণিত করেছেন বহু শিক্ষার্থী ও শিল্পীকে, তিনি শিল্পী কাইয়ুম চৌধুরী। গতকাল মঙ্গলবার ছিল শিল্পজগতের সেই প্রবাদপুরুষ কাইয়ুম চৌধুরীর ৭৮তম জন্মবার্ষিকী। এ উপলক্ষে ধানমন্ডির বেঙ্গল শিল্পালয়ে শুভেচ্ছা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানটি পরিণত হয় শিল্পী ও শিল্পরসিকদের মিলনমেলায়। অনুষ্ঠান বললে যে রকমের জাঁকজমক, আনুষ্ঠানিকতার কথা মনে আসে, তেমন নয়। বরং আয়োজনটাকে ঘরোয়া বললে যথার্থ হবে। তাই তো এতে ছিল নিখাদ শ্রদ্ধা ও হূদয়ের নিবিড় ভালোবাসার প্রকাশ। দীর্ঘ জীবনে এ মানুষটির সঙ্গে মিশেছেন, মিলেছেন কিংবা ভক্ত-অনুরাগী হয়েছেন অনেক মানুষ। তাঁদের কেউ কেউ এসেছিলেন প্রিয় মানুষটিকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে। সৈয়দ শামসুল হক বললেন, সত্যিকার অর্থে বিশ্বমানের শিল্পী কাইয়ুম চৌধুরী। মুস্তাফা মনোয়ার বলেন, সত্যজিত্ রায়ের পর গ্রাফিক্স কিংবা প্রচ্ছদ শিল্পকে তিনি অন্যরকম অবস্থানে নিয়ে গেছেন। কামাল লোহানী বললেন, কাইয়ুম চৌধুরী আমাদের চলার পথে সংগ্রামী সাথী। অধ্যাপক বোরহানউদ্দীন খান জাহাঙ্গীর বললেন, তাঁর মতো বন্ধু পাওয়া ভাগ্যের ব্যাপার। কাইয়ুম চৌধুরী পুরো অনুষ্ঠানে হাসিমুখে সবার শুভেচ্ছা-ভালোবাসা নেন। সঙ্গে ছিলেন তাঁর জীবনসঙ্গী শিল্পী তাহেরা খানম। তাঁর সাহচর্য পেতে অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন ফয়েজ আহমদ, জিল্লুর রহমান সিদ্দিকী, মুর্তজা বশীর, শিল্পী হাশেম খান, বাংলা একাডেমীর মহাপরিচালক শামসুজ্জামান খান, রশীদ হায়দার, রেজাউর রহমান, বীরেন সোম, মালেকা বেগম, আবু তাহের, আবুল বারক আলভী, মফিদুল হক, শীলা মোমেন, শহীদ কবির, মনিরুল ইসলাম, কাজী আরিফ আহমেদ প্রমুখ । অনুষ্ঠানের শুরুতে রবীন্দ্রসংগীত পরিবেশন করেন শিল্পী লাইসা আহমেদ। গান শোনান অনেকেই। আবৃত্তি করেন আসাদুজ্জামান নূর এবং কাজী আরিফ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেছেন সুবীর চৌধুরী।