জন্মবার্ষিকীতে মান্নান হীরাকে স্মরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় নাট্যশালার সেমিনার কক্ষে বৃহস্পতিবার বিকেলে প্রয়াত নাট্যকার মান্নান হীরার স্মরণসভায় অতিথিরা
ছবি: সংগৃহীত

নাট্যকার, নির্দেশক ও অভিনেতা প্রয়াত মান্নান হীরার ৬৭তম জন্মবার্ষিকী ছিল বৃহস্পতিবার। এ উপলক্ষে ‘মান্নান হীরা স্মারক বক্তৃতা’ আয়োজন করে আরণ্যক নাট্যদল।

বিকেলে জাতীয় নাট্যশালার সেমিনার কক্ষে মান্নান হীরা স্মারক বক্তৃতা দেন শিল্পসমালোচক ও মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক।

তিনি বলেন, ১৯৮৪ সালে ‘ক্ষুদিরামের দেশে’ নাটক রচনার মধ্য দিয়ে পথনাটকের বৃত্তে প্রবেশ করেন মান্নান হীরা। তারপর ছাব্বিশটির বেশি পথনাটক লিখে তিনি এই ধারার নাটক রচনায় ধারাবাহিকতার পরিচয় দিয়েছেন। পথনাটক চর্চায় বলিষ্ঠ ভূমিকা পালন করেছেন মান্নান হীরা। তিনি সামগ্রিকভাবে নাট্যচর্চায় নিবেদিত এবং বিশেষভাবে পথনাটকে সমর্পিত ছিলেন। তাঁর মতো এমন একাদিক্রমে পথনাটকের চর্চা আর কেউ করেছেন বলে মনে হয় না।

স্মারক বক্তৃতা শেষে মুক্ত আলোচনায় যোগ দেন নাট্যব্যক্তিত্ব কামালউদ্দিন কবির, জাহিদ রিপন, হারুন রশীদ, আজাদ আবুল কালাম, আহমেদ গিয়াস, অনন্ত হিরা, ফয়েজ জহির, মীর জাহিদ হাসান, মোমেনা চৌধুরী, শামীমা শওকত লাভলী, কাজী তৌফিকুল ইসলাম ইমন প্রমুখ। এর আগে অনুষ্ঠানের শুরুতে আরণ্যক নাট্যদলের প্রধান সম্পাদক মামুনুর রশীদ স্বাগত বক্তৃতা দেন।

অভিনেতা ও নির্দেশক আজাদ আবুল কালাম বলেন, ‘হীরা ভাই মঞ্চনাটক, পথনাটক দুটোই লিখতেন। দুটোকে আলাদা করার চেষ্টা করতেন। আমার মনে হয়, আমাদের সব নাটকই পথনাটক।

তাঁর সঙ্গে প্রায়ই তর্ক হতো, বলতাম, শুধু প্রতিবাদ হচ্ছে, নাটক হচ্ছে না।’

আজাদ আবুল কালামের মতে, পথনাটকের প্রাসঙ্গিকতা বাংলাদেশে সব সময় থাকবে। কারণ, এখানে ক্ষুধা আছে, দারিদ্র্য আছে, রাজনৈতিক অসন্তোষ আছে। আর একটা দেখা–অদেখা পীড়ন আছে।

অনুষ্ঠান শেষ হয় মান্নান হীরার সহধর্মিণী সৈয়দা নাদিরা অনুর বক্তব্যের মাধ্যমে।

এখন থেকে প্রতিবছর মান্নান হীরার জন্মবার্ষিকীতে নিয়মিতভাবে এই স্মারক বক্তৃতার আয়োজন করা হবে বলে জানায় আরণ্যক নাট্যদল।