জন্মান্ধ বৃদ্ধার প্রাণ গেল গাড়িচাপায়
পৃথিবীর আলো কোনো দিন চোখে পড়েনি তাঁর। নিজের বলে জগতে কেউ নেই। ভিক্ষাবৃত্তি করেই চলত জীবনটা। তা-ও নিভে গেল। আজ মৌলভীবাজারের কমলগঞ্জ-শ্রীমঙ্গল সড়কের পাশে গাড়ি চাপা দেওয়া নিথর দেহ পড়েছিল টেপনি (৭০) নামের ওই বৃদ্ধার। সড়কের পাশের ফুলবাড়ি চা-বাগানের শ্রমিকের সন্তান তিনি।
আজ বৃহস্পতিবার বেলা একটার দিকে ফুলবাড়ি চা-বাগানের প্রবেশপথ এলাকায় এ ঘটনাটি ঘটে। ঘটনার পর যানবাহন দ্রুত ঘটনাস্থল ত্যাগ করলেও রাস্তায় পড়ে থাকে বৃদ্ধার লাশ।
কমলগঞ্জ সদর ইউনিয়নের ফুলবাড়ি চা-বাগান ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আত্তর মিয়া বলেন, বেলা একটার দিকে ফুলবাড়ি চা-বাগান থেকে বের হয়ে সড়কে উঠতে গেলে একটি দ্রুতগামী যানবাহন তাঁকে চাপা দিয়ে চলে যায়। কেউ ঘাতক যানবাহন শনাক্তও করতে পারেনি। ঘটনার পরপরই পেছন থেকে আসা মৌলভীবাজারের জেলা প্রশাসক মো. তোফায়েল ইসলাম ঘটনাস্থলে এসে গাড়িচাপায় জন্মান্ধ বৃদ্ধার লাশ পড়ে থাকতে দেখেন। জেলা প্রশাসক কমলগঞ্জ সদর ইউপি চেয়ারম্যান আব্দুল হান্নানকে এ বৃদ্ধার শেষকৃত্য সম্পন্ন করতে নির্দেশনা দিয়ে সহায়তা হিসেবে তাৎক্ষণিক দুই হাজার টাকাও দেন।
কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুল হকও ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ময়নাতদন্ত ছাড়াই যাতে বৃদ্ধার শেষকৃত্য অনুষ্ঠিত হয়, জেলা প্রশাসক সে ধরনের অনুমতি দিয়েছেন।