জন্মাষ্টমী উপলক্ষে পাঁচ জেলায় নানা কর্মসূচি

রংপুর, নীলফামারী, পঞ্চগড়, ঠাকুরগাঁও ও দিনাজপুরে গতকাল বৃহস্পতিবার শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদ্যাপিত হয়েছে। এ উপলক্ষে শোভাযাত্রা, আলোচনা সভাসহ নানা কর্মসূচির আয়োজন করা হয়।
ঢাকার বাইরে আমাদের নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
রংপুর: শহরে অবস্থিত ধর্মসভা মন্দিরে সকাল থেকে জন্মাষ্টমী উৎসব শুরু হয়। এ উপলক্ষে সকালে শহরে একটি শোভাযাত্রা বের করা হয়। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কাদের জিলানী বলেন, শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে কঠোর নিরাপত্তার ব্যবস্থা করা হয়।
নীলফামারী: বেলা ১১টার দিকে শহরের কালীবাড়ি মন্দির চত্বর থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ শেষে কালীবাড়ি মন্দির চত্বরে ফিরে আলোচনা সভায় মিলিত হয়।
সভায় জেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি অক্ষয় কুমার রায়ের সভাপতিত্বে বক্তব্য দেন জেলা প্রশাসক মো. জাকীর হোসেন, পৌরসভার মেয়র দেওয়ান কামাল আহমেদ, হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি রথিস চন্দ্র ভৌমিক, জেলা সিপিবির সভাপতি শ্রীদাম দাস, জেলা পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক রমেন্দ্র নাথ বর্ধন প্রমুখ।
এদিকে জেলার ডোমার, ডিমলা, জলঢাকা ও কিশোরগঞ্জ উপজেলায় একই ধরনের কর্মসূচির মধ্য দিয়ে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদ্যাপিত হয়েছে।
পঞ্চগড়: দুপুরে কালেক্টরেট চত্বর থেকে শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সরকারি মিলনায়তনে গিয়ে শেষ হয়। সভায় বক্তব্য দেন জেলা প্রশাসক অমল কৃষ্ণ মণ্ডল, পুলিশ সুপার মো. গিয়াসউদ্দিন আহমদ, সিভিল সার্জন পীতাম্বর রায়, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত, জাসদের জেলা সভাপতি আবদুল মজিদ, জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মির্জা আবুল কালাম, পূজা উদ্যাপন পরিষদের জেলা সভাপতি অর্জুন কুমার ভৌমিক প্রমুখ।
ঠাকুরগাঁও: দুপুরে শহরের আশ্রমপাড়া রামকৃষ্ণ আশ্রম থেকে শোভাযাত্রা বের হয়। ঠাকুরগাঁও-১ আসনের সাংসদ রমেশ চন্দ্র সেন শোভাযাত্রার উদ্বোধন করেন। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে গিয়ে শেষ হয়। সেখানে জেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি অরুণাংশু দত্তের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন জেলা প্রশাসক মূকেশ চন্দ্র বিশ্বাস, জেলা পূজা উদ্যাপন পরিষদের সম্পাদক তপন কুমার ঘোষ প্রমুখ।
রামমন্দির থেকে একই সময়ে পৃথক শোভাযাত্রা বের করা হয়। জন্মাষ্টমী উপলক্ষে পূজা ছাড়াও দিনব্যাপী ভজন, কীর্তন ও ভক্তিগীতি অনুষ্ঠিত হয়।
পীরগঞ্জ (ঠাকুরগাঁও): বেলা ১১টায় উপজেলার কলেজহাট মন্দির থেকে শোভাযাত্রা বের হয়। বিভিন্ন সড়ক ঘুরে শোভাযাত্রাটি কেন্দ্রীয় পূজা মন্দিরে গিয়ে শেষ হয়। সেখানে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি প্রফুল্ল কুমার রায়। বক্তব্য দেন সাংসদ মো. ইয়াসিন আলী, সংরক্ষিত আসনের সাংসদ সেলিনা জাহান, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি অতুল চন্দ্র, সম্পাদক গোপী কৃষ্ণ রায়, পূজা উদ্যাপন পরিষদের সম্পাদক বাদল চন্দ্র রায় প্রমুখ।
দিনাজপুর: শহরের বাসুনিয়াপট্টি দুর্গামন্দির প্রাঙ্গণ থেকে বেলা ১১টায় শোভাযাত্রা বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। বিকেলে মন্দিরে আলোচনা সভা হয়। এতে জন্মাষ্টমী কমিটির সভাপতি কিশোর কুমার রায়ের সভাপতিত্বে বক্তব্য দেন জেলা প্রশাসক মীর খায়রুল আলম, পুলিশ সুপার মো. হামিদুল আলম, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক পরিমল চক্রবর্তী, দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি চিত্ত ঘোষ প্রমুখ। এ ছাড়া বিরল, বোচাগঞ্জ ও বীরগঞ্জ উপজেলায় জন্মাষ্টমী উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা হয়।