জন্মাষ্টমী উপলক্ষে মতবিনিময় সভা
জন্মাষ্টমী উপলক্ষে ঢাকেশ্বরী জাতীয় মন্দির মিলনায়তনে গতকাল সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছে ঢাকা মহানগর সর্বজনীন পূজা কমিটি ও বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদের নেতারা। সভায় লিখিত বক্তব্য উপস্থাপনা করেন মহানগর সর্বজনীন পূজা কমিটির সাধারণ সম্পাদক নির্মল কুমার চ্যাটার্জি। বক্তব্য দেন পূজা কমিটির সহসভাপতি বাসুদেব ধর। পূজা উদ্যাপন পরিষদের সভাপতি কানুতোষ মজুমদার, মিলন কান্তি দে, জে এল ভৌমিক, মঙ্গলচন্দ্র ঘোষ, ঢাকেশ্বরী মন্দিরের সেবায়েত প্রদীপ চক্রবর্তী প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন। সভায় ২০০১ সালের নির্বাচনের পর সংখ্যালঘু নির্যাতনের স্মৃতিচারণা করে উদ্বেগ প্রকাশ করেন নেতারা। তাঁরা বলেন, সামনে নির্বাচন আসছে। নির্বাচনকে কেন্দ্র করে অনিশ্চিত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। রাজনৈতিক হানাহানি ও সংঘাত হলে সংখ্যালঘুদেরই তার মূল্য দিতে হয় বেশি। কাজেই প্রগতিশীল সমাজসহ মুক্তিযুদ্ধের সব শক্তিকে সাম্প্রদায়িক শক্তির অপতৎপরতা রুখতে হবে। সভায় জন্মাষ্টমী উপলক্ষে কেন্দ্রীয়ভাবে তিন দিনের অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত হয়। এর মধ্যে ২৮ আগস্ট সকাল আটটায় ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে দেশ ও জাতির মঙ্গল কামনায় গীতাযজ্ঞ, বেলা দুইটায় জন্মাষ্টমী মিছিল ও রাতে কৃষ্ণপূজা, ২৯ আগস্ট বিকেল পাঁচটায় পদাবলী কীর্তন এবং ৩০ আগস্ট বিকেল চারটায় অলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।