জন্মাষ্টমী পালিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জন্মাষ্টমী উপলক্ষে গতকাল পলাশী এলাকা থেকে শোভাযাত্রা বের হয়। ছবিটি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে তোলা l প্রথম আলো
জন্মাষ্টমী উপলক্ষে গতকাল পলাশী এলাকা থেকে শোভাযাত্রা বের হয়। ছবিটি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে তোলা l প্রথম আলো

গতকাল শনিবার রাজধানীসহ সারা দেশে ভগবান শ্রীকৃষ্ণের পবিত্র জন্মতিথি জন্মাষ্টমী পালিত হয়েছে। এ উপলক্ষে শ্রীকৃষ্ণ পূজা ছাড়াও রাজধানীতে বিশাল জন্মাষ্টমী শোভাযাত্রা বের হয়।
জন্মাষ্টমী উপলক্ষে গতকাল সকালে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বঙ্গভবনে হিন্দু ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। বঙ্গভবনে আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা, ধর্মমন্ত্রী মতিউর রহমান, মৎস ও প্রাণীসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দসহ আরও অনেকে।
রামকৃষ্ণ মিশন ও মঠে গতকাল ভোর থেকেই মঙ্গলারতি, সমবেত প্রার্থনা, ভজন সংগীত, বিকেলে সংগীত, আরাত্রিক প্রার্থনা ও ভাগবত পাঠ হয়। রাত আটটায় হয় শ্রীকৃষ্ণপূজা।
ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে মহানগর সর্বজনীন পূজা কমিটি ও বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ কর্মসূচি পালন করে। বিকেলে ‘জন্মাষ্টমী মিছিল’ নামে শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রায় ছিল শতাধিক ঢাক, সুসজ্জিত হাতিটানা রথ, জাতীয় পতাকা ও সংগঠনের পতাকাবাহী ঘোড়া। শোভাযাত্রা পলাশী থেকে যাত্রা করে দোয়েল চত্বর, প্রেসক্লাব, পল্টন, গুলিস্তান, নবাবপুর রোড হয়ে বাহাদুর শাহ্ পার্কে গিয়ে শেষ হয়।
ঢাকেশ্বরী মন্দির জাতীয় মেলাঙ্গনে ‘জন্মাষ্টমী মিছিল’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। উদ্বোধন করেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন। বিশেষ অতিথি ছিলেন সাংসদ হাজী মো. সেলিম। অনুষ্ঠানে সেক্টর কমান্ডার মেজর জেনারেল (অব.) সি আর দত্ত উপস্থিত ছিলেন।
এ ছাড়া রাজধানীতে জন্মাষ্টমী পালন করে স্বামীবাগ আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন), শ্রীশ্রীমাধব গৌড়ীয় মঠ, মিরপুর কেন্দ্রীয় মন্দির, শ্রীশ্রীগীতা সংঘসহ বিভিন্ন সংগঠন ও মন্দির কমিটি।