জন্মাষ্টমীতে বন্ধ থাকবে মার্কিন দূতাবাস
চলতি মাসের ১৭ তারিখ রোববার শুভ জন্মাষ্টমী। শ্রীকৃষ্ণের পবিত্র জন্মতিথি। এদিন সরকারি ছুটি। দিবসটি উপলক্ষে বাংলাদেশে আমেরিকান সেন্টার, আর্চার কে ব্লাড আমেরিকান সেন্টার লাইব্রেরি, স্টুডেন্ট অ্যাডভাইজিং সেন্টার ও কনস্যুলার সেকশনসহ মার্কিন দূতাবাসের সব কার্যালয় বন্ধ থাকবে।
আজ বৃহস্পতিবার ঢাকায় মার্কিন দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। খবর বাসসের।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, তবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য সেদিন জরুরি সেবা দেওয়া হবে। এ জন্য তাঁরা ৮৮৫৫৫০০ নম্বরে ফোন করে কর্তব্যরত কর্মকর্তাকে চেয়ে সেবা নিতে পারবেন।
সনাতন ধর্মাবলম্বী ভক্তরা বিশ্বাস করেন, পৃথিবী থেকে দুরাচারী দুষ্টদের দমন আর সজ্জনদের রক্ষার জন্যই মহাবতার ভগবান শ্রীকৃষ্ণ এই দিনে স্বর্গ থেকে পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন। ভগবান শ্রীকৃষ্ণের এই আবির্ভাব তিথিকে ভক্তরা শুভ জন্মাষ্টমী হিসেবে উদযাপন করে থাকেন।