শ্রীকৃষ্ণের জন্মতিথি শুভ জন্মাষ্টমী উপলক্ষে তিন দিনব্যাপী অনুষ্ঠানমালা ঘোষণা করেছে ঢাকা মহানগর সর্বজনীন পূজা কমিটি ও বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ। গতকাল সোমবার এ দুই সংগঠনের যৌথ সংবাদ সম্মেলনে এ অনুষ্ঠানমালা ঘোষণা করা হয়। সংবাদ সম্মেলনে জানানো হয়, পবিত্র রমজান মাস হওয়ায় এবার জন্মাষ্টমীর ঐতিহ্যবাহী শোভাযাত্রা বিকেল পাঁচটার আগেই শেষ করা হবে। কাল বুধবার জন্মাষ্টমী উদ্যাপিত হবে।ঢাকেশ্বরী জাতীয় মন্দির কার্যালয়ে আয়োজিত এ সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদের সভাপতি সুব্রত চৌধুরী। বক্তব্য দেন পরিষদের সাধারণ সম্পাদক মঙ্গলচন্দ্র ঘোষ, মহানগর পূজা কমিটির সভাপতি বীরেশ চন্দ্র সাহা, সাধারণ সম্পাদক বাবুল দেবনাথ, তাপস কুমার পাল ও নির্মল চ্যাটার্জি প্রমুখ।সংবাদ সম্মেলনে পূজা কমিটির নেতারা পাঁচ দফা দাবি জানিয়ে বলেন, সব ধর্মের সমান মর্যাদার পবিত্র চেতনাকে সামনে রেখেই দাবিগুলো জানানো হয়েছে। দাবিগুলোর মধ্যে রয়েছে জন্মাষ্টমী উপলক্ষে বঙ্গভবন ও প্রধান প্রধান সরকারি ভবনে আলোকসজ্জা, রাজধানীর প্রধান সড়ক জাতীয় পতাকা ও শুভেচ্ছা বাণী দিয়ে সুসজ্জিত করা, কারাগার ও হাসপাতালে উন্নতমানের খাবার পরিবেশন, প্রচারমাধ্যমে বিশেষ অনুষ্ঠান প্রচার ও বিভিন্ন শহরে মর্যাদা সহকারে অনুষ্ঠান পালনের ব্যবস্থা করা।সংবাদ সম্মেলনে ক্ষোভ প্রকাশ করে নেতারা বলেন, এবার জন্মাষ্টমীর ছুটি একবার ১৫ আগস্ট জাতীয় শোক দিবসের দিন, এরপর ২ সেপ্টেম্বর এবং সবশেষে ১ সেপ্টেম্বর ঘোষণা করা হয়। এ রকম বিভ্রান্তিকর সিদ্ধান্ত কী করে সরকারের মধ্যে থেকে আসে? এর ফলে মানুষের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি হয়।সংবাদ সম্মেলনে বলা হয়, আগামী ১৩ থেকে ১৭ অক্টোবর হিন্দু ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় অনুষ্ঠান দুর্গাপূজা। ১৫ অক্টোবর মহাষ্টমী। সেই দিন মেডিকেল কলেজগুলোতে ভর্তি পরীক্ষার দিন নির্ধারণ করা হয়েছে। সংবাদ সম্মেলনে ওই ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তন করে পূজার পরে নির্ধারণের দাবি জানানো হয়।